সিঁড়ির নিচে দুই যুগ ধরে পাঠদান, শ্রেণিকক্ষের অপেক্ষায় শিশুরা
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার গুমতি ইউনিয়নের আলী মেম্বার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘ ২৪ বছর ধরে ক্লাসরুমের সংকটে ভুগছে শিক্ষার্থীরা।
প্রয়োজনীয় রুম না থাকায় ২০০৩ সাল থেকে ভবনের সিঁড়ির নিচের অংশে চলছে পাঠদান। বিদ্যালয়টি সরকারি হওয়ার পরেও ১২ বছর চলে গেছে। কিন্তু এখনও হয়নি নতুন ভবন। ফলে অস্বাস্থ্যকর ও অপ্রতুল পরিবেশে শিক্ষা কার্যক্রম চালাতে হচ্ছে।
বিদ্যালয়টিতে শিক্ষকের মঞ্জুরিকৃত ছয়টি পদে সবকটিতেই শিক্ষক আছেন। খাতা-কলমে শিক্ষার্থীর সংখ্যা ৯৪ জন হলেও সরেজমিন গিয়ে দেখা যায় উপস্থিত অর্ধেকেরও কম।
বিদ্যালয়ের তিনটি রুমের একটি শিক্ষকদের মিলনায়তন হিসেবে ব্যবহৃত হচ্ছে। বাকি দুটি রুমে চলছে পাঠদান। ক্লাসরুমের অভাবে ভবনের সিঁড়ির নিচের অংশেও শিক্ষার্থীদের বসিয়ে ক্লাস নিতে হচ্ছে। পাশের নতুন ওয়াশব্লকে তালা ঝুলতে দেখা গেছে। ফলে শিক্ষার্থীরা পুরনো শৌচাগারই ব্যবহার করছে।
সবচেয়ে দুর্ভোগে পড়তে হচ্ছে সিঁড়ির নিচের সংকীর্ণ জায়গায় গাদাগাদি করে বসা শিশুদের। সেখানে ব্ল্যাকবোর্ড বসানো কিংবা বেঞ্চ রাখার মতো পর্যাপ্ত জায়গা নেই। গরমে অসহনীয় পরিবেশে ক্লাস করতে হয় তাদের। বৃষ্টির সময় পানি ঢুকে বই-খাতা ভিজে যাওয়ার আশঙ্কাও থাকে।
শিক্ষার্থীরা জানায়, বিদ্যালয়ে পর্যাপ্ত ক্লাসরুম নেই। তাই সিঁড়ির নিচে বসেই তাদের ক্লাস করতে হয়। গরমের সময় সেখানে পড়াশোনা করা খুবই কষ্টকর।
প্রধান শিক্ষক মনির হোসেন বলেন, ক্লাসরুমের সংকট বিষয়টি একাধিকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে। তারপরেও নতুন ভবন বরাদ্দ পাওয়া যায়নি। তিনি আরও বলেন, শিক্ষকদের মিলনায়তনের জন্য আলাদা রুম না থাকায় একটি ক্লাসরুমেই কাজ সারতে হচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন কোনো বক্তব্য দিতে রাজি হননি।