ওয়াশিংটনে রাশিয়ার রাষ্ট্রদূতের মৃত্যু, কারণ নিয়ে অস্পষ্টতা
যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার দারচিয়েভের মৃত্যু ঘিরে নানা প্রশ্ন তৈরি হয়েছে। ৬৬ বছর বয়সে তার মৃত্যুর খবর জানানো হলেও শুরুতে মৃত্যুর কারণ প্রকাশ করেনি মস্কো। পরে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দীর্ঘদিন অসুস্থতায় ভুগছিলেন তিনি।
তবে কী রোগে আক্রান্ত ছিলেন কিংবা মৃত্যুর আগে তার শারীরিক অবস্থা কেমন ছিল, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। এমন এক সময়ে দারচিয়েভের মৃত্যু হলো, যখন ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক যোগাযোগ পুনরুজ্জীবিত করার উদ্যোগ চলছিল।
দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র ও উত্তর আমেরিকাবিষয়ক কূটনৈতিক কার্যক্রমে যুক্ত ছিলেন দারচিয়েভ। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় তাকে দক্ষ প্রশাসক এবং মস্কো-ওয়াশিংটন সম্পর্কের বিষয়ে অভিজ্ঞ কূটনীতিক হিসেবে উল্লেখ করেছে।
২০২৫ সালের মার্চে যুক্তরাষ্ট্রে রাশিয়ার রাষ্ট্রদূতের দায়িত্ব নেন তিনি। সে সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর দুই দেশের মধ্যে কূটনৈতিক যোগাযোগ বাড়ানোর উদ্যোগ শুরু হয়েছিল।
ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দুই দেশের সম্পর্কে টানাপোড়েন চললেও নতুন করে আলোচনার পরিবেশ তৈরিতে ভূমিকা রাখেন দারচিয়েভ। এর আগে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ইস্তাম্বুলে অনুষ্ঠিত রাশিয়া-যুক্তরাষ্ট্র আলোচনায় দেশটির প্রতিনিধিদলের নেতৃত্ব দেন তিনি। ইউক্রেন যুদ্ধ ও দ্বিপক্ষীয় সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে ওই বৈঠককে দুই দেশের কূটনৈতিক যোগাযোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হয়েছিল।
দারচিয়েভের কূটনৈতিক জীবনের অভিজ্ঞতা ছিল তিন দশকের বেশি। ১৯৯২ সালে সোভিয়েত ইউনিয়নের বিলুপ্তির পর রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন তিনি।
১৯৯৭ সালে যুক্তরাষ্ট্রে রুশ দূতাবাসে উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। পরে ২০০৫ থেকে ২০১০ সাল পর্যন্ত ওয়াশিংটনে রাশিয়ার দূতাবাসে মিনিস্টার কাউন্সেলর পদে কাজ করেন। এরপর রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর আমেরিকাবিষয়ক বিভাগে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
২০১৪ থেকে ২০২১ সাল পর্যন্ত কানাডায় রাশিয়ার রাষ্ট্রদূত ছিলেন দারচিয়েভ। তার দায়িত্ব পালনের সময় ক্রিমিয়া ইস্যু ও ইউক্রেনকে কেন্দ্র করে রাশিয়ার সঙ্গে পশ্চিমা দেশগুলোর বিরোধের প্রভাব পড়ে মস্কো-অটোয়া সম্পর্কেও। পরবর্তী সময়ে তিনি রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর আমেরিকা বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।
ইউক্রেন যুদ্ধ নিয়ে দারচিয়েভের অবস্থানও ছিল রুশ সরকারের নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানকে প্রয়োজনীয় পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছিলেন তিনি। পাশাপাশি পশ্চিমা দেশগুলোর নীতি ও অবস্থানের সমালোচনাও করেছেন বিভিন্ন সময়ে।
তার মৃত্যুর সময় রাশিয়া-যুক্তরাষ্ট্র সম্পর্ক, ইউক্রেন যুদ্ধ এবং মস্কোর ওপর পশ্চিমা নিষেধাজ্ঞা নিয়ে আন্তর্জাতিক রাজনীতিতে নানা আলোচনা চলছিল। ট্রাম্প প্রশাসনের সঙ্গে যোগাযোগ বজায় রাখা এবং দ্বিপক্ষীয় আলোচনার পথ সচল রাখার ক্ষেত্রে দারচিয়েভের দায়িত্ব ছিল গুরুত্বপূর্ণ। তার অনুপস্থিতিতে ওয়াশিংটনে রাশিয়ার কূটনৈতিক প্রতিনিধিত্ব কে সামলাবেন এবং চলমান আলোচনায় কী প্রভাব পড়বে, তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।
দারচিয়েভের মৃত্যুতে তার পরিবারের সদস্য ও স্বজনদের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে তার শেষকৃত্যের তারিখ ও স্থান সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।