ঠাকুরগাঁও সীমান্তে ৪০ লাখ টাকার স্বর্ণের বার উদ্ধার
ঠাকুরগাঁও সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে দুটি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৩৯ লাখ ৯৭ হাজার ২৫৬ টাকা।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে ঠাকুরগাঁও জেলার ধর্মগড় বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মারাধর নামক স্থানে এ অভিযান চালায় ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি)।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অবস্থান নেয় বিজিবির একটি বিশেষ টহলদল। বেলা ১১টা ২০ মিনিটের দিকে এক ব্যক্তিকে বস্তা নিয়ে সীমান্তের দিকে যেতে দেখে তাকে চ্যালেঞ্জ করেন বিজিবি সদস্যরা। এ সময় বস্তাটি ফেলে পালিয়ে যায় ওই ব্যক্তি।
পরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে বস্তাটি তল্লাশি করে দুটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধার করা স্বর্ণের মোট ওজন ১৯ ভরি ১৫ আনা ৪ রতি ৭ পয়েন্ট। এ ঘটনায় জড়িত ব্যক্তিকে শনাক্ত ও আটকের বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি বিজিবি।
উদ্ধার করা স্বর্ণ ঠাকুরগাঁও ট্রেজারি অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) জানিয়েছে, সীমান্তে চোরাচালান, মাদক পাচার ও অন্যান্য অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত রয়েছে। সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান চালানো হবে।