ঢাকা,  মঙ্গলবার   ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

[ আইন-আদালত ]

দেশে ফিরলে শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর হবে: প্রসিকিউটর

আদালত প্রতিনিধি
প্রকাশিত: ১৪:১১, ১০ নভেম্বর ২০২৬
দেশে ফিরলে শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর হবে:  প্রসিকিউটর
সংগৃহীত ছবি

সাজার বিরুদ্ধে আপিলের নির্ধারিত সময় পার হয়ে যাওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে তার মৃত্যুদণ্ড কার্যকর করা ছাড়া আর কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

তিনি বলেছেন, দণ্ডিত ও পলাতক হওয়ায় শেখ হাসিনার পাসপোর্ট ইস্যু করার আইনগত সুযোগ নেই।

মঙ্গলবার (১০ নভেম্বর) শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চাওয়ার বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন চিফ প্রসিকিউটর।

আমিনুল ইসলাম বলেন, আইন অনুযায়ী ন্যূনতম দুই বছরের সাজাপ্রাপ্ত ব্যক্তিকে পাসপোর্ট দেওয়ার সুযোগ নেই। সে কারণে দণ্ডিত ও পলাতক শেখ হাসিনাকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পাসপোর্ট ইস্যু করা সম্ভব নয়। কোনো দণ্ডিত ব্যক্তিকে পাসপোর্ট বা ট্রাভেল পাস দেওয়া হলে তা বিচারপ্রক্রিয়াকে উপহাস করার শামিল হবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মামলার বিচার চলাকালে তিনি তা মোকাবিলা করতে আসেননি উল্লেখ করে চিফ প্রসিকিউটর বলেন, রায় প্রকাশের পরও তিনি আপিল করেননি। ফলে ভবিষ্যতে তার আপিল করার আইনগত সুযোগ নেই।

তিনি জানান, ‘ম্যাট্রিক্স চেম্বার্স’ নামে লন্ডনভিত্তিক একটি আইনজীবী প্রতিষ্ঠানের পক্ষ থেকে ভারতে বাংলাদেশের দূতাবাসে শেখ হাসিনার পাসপোর্ট চেয়ে চিঠি দেওয়া হয়েছে। তবে শেখ হাসিনা নিজে, তার দল কিংবা নেতাকর্মীদের কেউ আবেদন করেননি বলে দাবি করেন তিনি।

চিফ প্রসিকিউটর বলেন, শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন—এ বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো দলিলপত্র পাওয়া যায়নি। ভারত সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, শেখ হাসিনার অনুরোধের পরিপ্রেক্ষিতে মানবিক কারণে তাকে সেখানে আশ্রয় দেওয়া হয়েছে।

শেখ হাসিনা বাংলাদেশে ফিরতে চাইলে ভারত সরকারের কাছে লিখিতভাবে আবেদন করতে হবে বলে মন্তব্য করেন আমিনুল ইসলাম। তার ভাষ্য, প্রত্যর্পণ চুক্তির আওতায় বাংলাদেশে ফেরত পাঠানোর অনুরোধ জানানোই হবে এ ক্ষেত্রে সঠিক পন্থা।

শেখ হাসিনার দেশে ফেরার সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলে চিফ প্রসিকিউটর বলেন, সত্যিকার অর্থে দেশে ফিরতে চাইলে তিনি বিচার চলাকালে দেশে এসে মামলা মোকাবিলা করতে পারতেন। রায় প্রকাশের ৩০ দিনের মধ্যে দেশে এসে আপিলও করতে পারতেন।

এ সময় শেখ হাসিনাকে উদ্দেশ করে তিনি বলেন, দেশে ফিরতে চাইলে ভারত সরকারের কাছে লিখিত আবেদন করতে হবে। পাশাপাশি দেশ ছেড়ে যাওয়ার সময় আত্মীয়স্বজনসহ নিরাপদে চলে গেলেও নেতাকর্মীদের বাংলাদেশে রেখে যাওয়ার বিষয়টি উল্লেখ করেন তিনি।

শেখ হাসিনার নামে প্রচারিত ভার্চুয়াল বক্তব্য প্রসঙ্গে চিফ প্রসিকিউটর বলেন, এখন পর্যন্ত তার নিজের কোনো ভার্চুয়াল বক্তব্য পাওয়া যায়নি। বিভিন্ন সময়ে প্রচারিত অডিও বক্তব্যগুলো আদৌ শেখ হাসিনার কি না, তা নিয়েও সন্দেহ রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!