ঢাকা,  বৃহস্পতিবার   ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

[ আইন-আদালত ]

নাহিদ ইসলামের বক্তব্যের বিরুদ্ধে আইনি নোটিশ

আদালত প্রতিনিধি
প্রকাশিত: ১৩:১৯, ৫ নভেম্বর ২০২৬
নাহিদ ইসলামের বক্তব্যের বিরুদ্ধে আইনি নোটিশ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে দেওয়া একটি বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। নোটিশ পাওয়ার ১০ দিনের মধ্যে বক্তব্য প্রত্যাহার করে লিখিত জবাব দিতে বলা হয়েছে। অন্যথায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নোটিশদাতা।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. হাবিবুর রহমান নাহিদ ইসলামকে এ নোটিশ পাঠান।

নোটিশে বলা হয়েছে, গত ৩০ অক্টোবর চ্যানেল ওয়ান ও চ্যানেল আইয়ে প্রচারিত বক্তব্যে নাহিদ ইসলাম বলেন, ‘চাঁদাবাজি ও লুটপাট করার জন্য তারেক রহমান এসেছেন, দেশ পরিচালনায় তার কোনো পরিকল্পনা নাই।’

আইনজীবী হাবিবুর রহমান নোটিশে উল্লেখ করেন, নাহিদ ইসলামের এ বক্তব্য তাঁর দৃষ্টিগোচর হয়েছে। বক্তব্যটিকে অমার্জনীয়, অবাস্তব ও কাল্পনিক আখ্যা দিয়ে তিনি বলেন, রাজনৈতিক প্রতিপক্ষের প্রতি ঈর্ষান্বিত হয়ে এমন মন্তব্য করা হয়েছে। এ ধরনের বক্তব্যের মাধ্যমে নাহিদ ইসলাম নিজেকে অপরিপক্ব ও প্রজ্ঞাহীন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে তুলে ধরেছেন বলেও নোটিশে উল্লেখ করা হয়।

নোটিশে আরও বলা হয়, এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপের মতো দায়িত্বশীল পদে থাকা ব্যক্তির কাছ থেকে এমন বক্তব্য প্রত্যাশিত নয়। এ বক্তব্যের জন্য জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বানও জানানো হয়েছে।

নোটিশ পাওয়ার ১০ দিনের মধ্যে বক্তব্য প্রত্যাহার করে জবাব দিতে বলা হয়েছে। অন্যথায় ফৌজদারি কার্যবিধি অনুযায়ী যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!