ঢাকা,  মঙ্গলবার   ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

[ আইন-আদালত ]
মানবতাবিরোধী অপরাধ

শেখ হাসিনা ও কামালের সম্পত্তি বাজেয়াপ্তে চিঠি

আদালত প্রতিনিধি
প্রকাশিত: ১৪:১৯, ৩ নভেম্বর ২০২৬
শেখ হাসিনা ও কামালের সম্পত্তি বাজেয়াপ্তে চিঠি
ফাইল ছবি

মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সম্পত্তি বাজেয়াপ্তের আদেশ কার্যকরের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়।

মঙ্গলবার (৩ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে পাঠানো শেখ হাসিনাসংক্রান্ত স্মারকে বলা হয়েছে, ২০২৫ সালের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর (আইসিটি বিডি মামলা নং ০২/২০২৫) রায়ে পলাতক আসামি শেখ হাসিনাকে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে তাঁর সব সম্পত্তি বাজেয়াপ্ত করে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও ভুক্তভোগীদের ক্ষতিপূরণ হিসেবে বণ্টনের নির্দেশ দেন ট্রাইব্যুনাল।

রায়ে সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ কার্যকর করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে। স্মারকে আশঙ্কা প্রকাশ করা হয়, দ্রুত সম্পত্তি সরকারের নিয়ন্ত্রণে নেওয়া না হলে শেখ হাসিনা এসব সম্পত্তি ভোগ, বিক্রি কিংবা অন্যের কাছে হস্তান্তর করতে পারেন। এতে ট্রাইব্যুনালের আদেশ বাস্তবায়ন বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

এ কারণে শেখ হাসিনার সব স্থাবর ও অস্থাবর সম্পত্তির পূর্ণাঙ্গ তালিকা তৈরি করে সেগুলো রাষ্ট্রের নিয়ন্ত্রণে নেওয়ার অনুরোধ জানিয়েছে চিফ প্রসিকিউটরের কার্যালয়। একই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও ভুক্তভোগীদের ক্ষতিপূরণ দিতে এসব সম্পত্তি বণ্টনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে।

একইভাবে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সম্পত্তি বাজেয়াপ্তের আদেশ কার্যকর করতেও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পৃথক স্মারক পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!