দীপের ৭ দিনের রিমান্ড চাইবে পুলিশ
বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তার বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দীপকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করবে পুলিশ। ঘটনার রহস্য উদঘাটন ও হত্যাকাণ্ডে তার কোনো সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা যাচাই করতে এ আবেদন করা হবে।
শনিবার (৩১ অক্টোবর) নৌ-পুলিশের ঢাকা অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, তাহসিফের বাবা হত্যা মামলা করার পর দীপকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। শনিবার তাকে আদালতে পাঠানো হবে।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (৩০ অক্টোবর) রাতে তাহসিফের বাবা কে এম এনায়েতুল করিম রাজধানীর উত্তরখান থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে। পরে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে থাকা দীপকে নৌ-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, তাহসিফের মৃত্যুর প্রকৃত কারণ ও ঘটনার সঙ্গে দীপের সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা জানতে তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এ জন্য আদালতে সাত দিনের রিমান্ড আবেদন করা হবে।
এর আগে বুধবার (২৮ অক্টোবর) বিকেলে তুরাগ নদের রাজাবাড়ী ঘাটসংলগ্ন এলাকা থেকে তাহসিফের মরদেহ উদ্ধার করে টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ি। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।
নৌ-পুলিশের অভ্যন্তরীণ প্রতিবেদন অনুযায়ী, ওই দিন বিকেল সাড়ে ৪টার দিকে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে তুরাগ নদে একটি মরদেহ ভাসতে থাকার খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
মরদেহ উদ্ধারের পর প্রথমে মামলা করতে অনীহা প্রকাশ করেছিলেন তাহসিফের বাবা। তবে তিন দিন পর তিনি হত্যা মামলা করেন। মামলাটির তদন্ত করছে নৌ-পুলিশ।