ঢাকা,  সোমবার   ১৬ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

[ আইন-আদালত ]
রামিসা হত্যা

সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ডের আপিল শুনানি হাইকোর্টে

আদালত প্রতিনিধি
প্রকাশিত: ১১:০৮, ১৬ নভেম্বর ২০২৬
সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ডের আপিল শুনানি হাইকোর্টে
ফাইল ছবি

রাজধানীর পল্লবীতে ৮ বছর বয়সী শিশু শিক্ষার্থী রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনের আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শুরু হয়েছে হাইকোর্টে।

সোমবার (১৬ নভেম্বর) সকাল ১০টায় বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এ শুনানি শুরু হয়।

আলোচিত এ মামলায় শুনানি করছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মোহাম্মদ ওসমান চৌধুরী। এর আগে গত ৭ জুন মামলার প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দেন আদালত।

মামলার বিবরণ অনুযায়ী, গত ১৯ মে রাজধানীর পল্লবী এলাকায় প্রতিবেশী সোহেলের ঘর থেকে পপুলার মডেল হাইস্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসার খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনার পরদিন রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা সোহেল, তার স্ত্রী স্বপ্না এবং অজ্ঞাতপরিচয় এক ব্যক্তিকে আসামি করে পল্লবী থানায় মামলা করেন।

মামলার অভিযোগ অনুযায়ী, সোহেল রামিসাকে নিজের ঘরে নিয়ে ধর্ষণ করেন। তদন্তে উঠে আসে, পরে শিশুটিকে গলা কেটে হত্যা করা হয় এবং অপরাধের আলামত গোপন করতে মরদেহ টুকরো করার চেষ্টা করা হয়।

গত ২৪ মে মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) ওহিদুজ্জামান ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র (চার্জশিট) জমা দেন। এতে সোহেলের বিরুদ্ধে ধর্ষণ, হত্যা ও আলামত নষ্টের অভিযোগ আনা হয়। অন্যদিকে তার স্ত্রী স্বপ্নার বিরুদ্ধে আলামত নষ্ট, মিথ্যা তথ্য দেওয়া এবং স্বামীকে অপরাধে সহযোগিতার অভিযোগ আনা হয়।

অভিযোগপত্র জমা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই আদালত মামলাটি ট্রাইব্যুনালে স্থানান্তরের নির্দেশ দেন। পরে মাত্র ১৯ দিনের মধ্যে মামলাটির বিচার কার্যক্রম শেষ হয়।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!