ঢাকা,  সোমবার   ১৬ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

গাজীপুরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ১৭ কারখানা

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১০:৫৮, ১৬ নভেম্বর ২০২৬
গাজীপুরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ১৭ কারখানা
বন্ধ কারখানা

গাজীপুরের শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ ও আন্দোলন অব্যাহত থাকায় ১৭টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ ছাড়া দুটি কারখানায় এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিশ্চিত করতে ১২ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। পাশাপাশি দায়িত্ব পালন করছেন ছয় প্লাটুন আনসার সদস্য।


সোমবার (১৬ নভেম্বর) সকালে গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন এসব তথ্য জানান।
তিনি বলেন, ক্রমাগত শ্রমিক অসন্তোষের কারণে শ্রম আইন অনুযায়ী ১৭টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া আজকের জন্য দুটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। তবে কারখানা কর্তৃপক্ষ পরিস্থিতি বিবেচনায় যেকোনো সময় এসব কারখানা খুলে দিতে পারে।


এদিকে সোমবার সকালে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় এবিএম ফ্যাশন ও যমুনা কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে কারখানার বাইরে অবস্থান নেন। একপর্যায়ে তাঁরা জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। পরে কোনাবাড়ী-কাশিমপুর সড়ক অবরোধ করেন।
খবর পেয়ে পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ জানান। এ সময় শ্রমিকেরা উত্তেজিত হয়ে উঠলে পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। এতে শ্রমিকেরা ছত্রভঙ্গ হয়ে সড়ক ছেড়ে চলে যান। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
শিল্প পুলিশ জানায়, গত কয়েক সপ্তাহ ধরে গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ চলছে। ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে শ্রমিকেরা বিক্ষোভ ও কর্মবিরতি পালন করছেন। এর জেরে বিভিন্ন এলাকায় কারখানায় ছুটি ঘোষণা এবং কোথাও কোথাও উৎপাদন বন্ধ রাখা হয়েছে।
৬৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. খালেকুজ্জামান জানান, গাজীপুর শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ১২ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন রয়েছেন।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিব জানান, শিল্পাঞ্চলে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি ছয় প্লাটুন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন।


উল্লেখ্য, গাজীপুরে ছোট-বড় মিলিয়ে প্রায় ৫ হাজার ২০০টি কারখানা রয়েছে। এর মধ্যে দুই হাজারের বেশি তৈরি পোশাক কারখানা অনুমোদিত। এসব কারখানার মধ্যে ৯০০টির বেশি রপ্তানিমুখী।

ডেইলি-বাংলাদেশ/গাজীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!