রাশিয়ার সঙ্গে তিন সীমান্ত বন্ধ করছে এস্তোনিয়া
প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাতা একটি প্রতিষ্ঠানে নাশকতার চেষ্টার অভিযোগে রাশিয়ার সঙ্গে তিনটি সীমান্ত ক্রসিং বন্ধের ঘোষণা দিয়েছে এস্তোনিয়া। আগামী ১ ডিসেম্বর থেকে এসব সীমান্তপথ বন্ধ করা হবে। এ ঘটনায় রাশিয়ার সামরিক গোয়েন্দা সংস্থা জিআরইউর সংশ্লিষ্টতার অভিযোগ তুলেছে দেশটির কর্তৃপক্ষ।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার সকালে এস্তোনিয়ার ড্রোন নির্মাতা প্রতিষ্ঠান থ্রিওড সিস্টেমসে হামলার চেষ্টা করা হয়। এ ঘটনায় আটজনকে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রতিষ্ঠানটি দূরপাল্লার আক্রমণাত্মক ও নজরদারি ড্রোন তৈরি করে।
এস্তোনিয়ার অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা কাপো জানিয়েছে, প্রতিষ্ঠানটির ভবনে বিস্ফোরণ ঘটানো ও আগুন ধরিয়ে দেওয়ার পরিকল্পনা ছিল। তবে নিরাপত্তাকর্মীদের দ্রুত পদক্ষেপে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি। আটক ব্যক্তিদের মধ্যে পাঁচজনকে কারাগারে রাখার আবেদন জানিয়েছে কর্তৃপক্ষ।
এস্তোনিয়ার প্রধানমন্ত্রী ক্রিস্টেন মিচাল বলেছেন, ভবিষ্যতে এ ধরনের হামলার ঝুঁকি কমাতে এবং স্পষ্ট বার্তা দিতেই সীমান্ত বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশটির প্রতিরক্ষা শিল্প ও নিরাপত্তা সক্ষমতার ওপর হামলা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।
তিনি আরও বলেন, ইউক্রেনের প্রতি এস্তোনিয়ার অব্যাহত সমর্থনের সঙ্গে এ ঘটনার যোগসূত্র রয়েছে। রাশিয়ার উদ্দেশ্য এস্তোনিয়াকে ভয় দেখানো, সিদ্ধান্তহীনতায় ফেলা এবং ইউক্রেনের প্রতি দেশটির সমর্থন দুর্বল করা। তবে এস্তোনিয়া নিরাপত্তা জোরদার, মিত্রদের সঙ্গে সহযোগিতা বৃদ্ধি এবং ইউক্রেনকে সমর্থন অব্যাহত রাখবে।
দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্গুস সাখনাও রাশিয়াকে সতর্ক করে বলেছেন, এস্তোনিয়ার বিরুদ্ধে শত্রুতামূলক কর্মকাণ্ডের পরিণতি ভোগ করতে হবে। দেশের নিরাপত্তা অস্থিতিশীল করার যেকোনো প্রচেষ্টার জবাব দেওয়া হবে।
এস্তোনিয়া ও রাশিয়ার মধ্যে তিনটি সীমান্ত ক্রসিং রয়েছে। এগুলো হলো উত্তরের নারভা এবং দক্ষিণের কোইদুলা ও লুহামা। তবে কত দিনের জন্য এসব সীমান্তপথ বন্ধ রাখা হবে, তা জানায়নি এস্তোনীয় কর্তৃপক্ষ।
এর আগে গত আগস্টে দেশটির আরেকটি প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠান মিলরেম রোবোটিকসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ওই ঘটনার পেছনেও রাশিয়ার বিশেষ বাহিনীর সংশ্লিষ্টতা রয়েছে বলে অভিযোগ করেছিল এস্তোনিয়ার নিরাপত্তা সংস্থা কাপো। প্রতিষ্ঠানটি ইউক্রেনের জন্যও সামরিক সরঞ্জাম তৈরি করে।
ইউরোপের বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থা সম্প্রতি প্রতিরক্ষা শিল্পে সম্ভাব্য নাশকতা এবং ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোভুক্ত দেশগুলোর নাগরিকদের অর্থের বিনিময়ে এ ধরনের কাজে নিয়োগের বিষয়ে সতর্ক করে আসছে।
তবে এস্তোনিয়ার সীমান্ত বন্ধের সিদ্ধান্তের সমালোচনা করেছে রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসকে বলেছেন, সীমান্ত বন্ধের পরিকল্পনা বাস্তবায়িত হলে তা রাশিয়াবিরোধী আগ্রাসী মনোভাব ও উন্মত্ততার আরেকটি বহিঃপ্রকাশ হবে।