ঢাকা,  রোববার   ১৫ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

যুক্তরাষ্ট্রে ফ্লাইট বিপর্যয়, এক দিনে বাতিল ৬ হাজার ৪০০টির বেশি

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ০৯:৫১, ১৫ নভেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্রে ফ্লাইট বিপর্যয়, এক দিনে বাতিল ৬ হাজার ৪০০টির বেশি
ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রে বিমান চলাচলে বিপর্যয়ের প্রভাব দ্বিতীয় দিনেও অব্যাহত ছিল। শনিবার (১৪ নভেম্বর) দেশটির বিভিন্ন বিমান সংস্থা ৬ হাজার ৪০০টির বেশি ফ্লাইট বাতিল করেছে। তবে রোববার (১৫ নভেম্বর) থেকে বিমান চলাচল স্বাভাবিক হতে পারে বলে জানিয়েছে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)।

ফ্লাইট ট্র্যাকিং প্রতিষ্ঠান ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য অনুযায়ী, শনিবার রাত ৯টা পর্যন্ত বাতিল হওয়া ফ্লাইটের সংখ্যা এফএএ প্রশাসক ব্রায়ান বেডফোর্ডের ধারণাকেও ছাড়িয়ে গেছে। এ বিপর্যয়ে বাতিল হওয়া ফ্লাইটের সংখ্যা ২০২৪ সালের ক্রাউডস্ট্রাইক সফটওয়্যার বিভ্রাটের রেকর্ডও ছাড়িয়েছে।

এ ছাড়া রোববারের জন্য নির্ধারিত আরও প্রায় ৮০০টি ফ্লাইট আগাম বাতিল করা হয়েছে। এসব ফ্লাইটের বেশির ভাগই আমেরিকান এয়ারলাইন্স ও জেটব্লুর।

শনিবার সকালে যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করে এফএএ প্রশাসক ব্রায়ান বেডফোর্ড বলেন, ‘আমি মনে করি, সবচেয়ে খারাপ সময়টা আমরা পেছনে ফেলে এসেছি।’

এর আগে ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলার পর এই প্রথম শুক্রবার (১৩ নভেম্বর) যুক্তরাষ্ট্রে টানা চার ঘণ্টার বেশি সময় ধরে সব ধরনের বিমান চলাচল বন্ধ রাখা হয়। এতে প্রায় ১২ হাজার ফ্লাইটের সূচিতে বিঘ্ন ঘটে।

পরিবহন সচিব শন ডাফি জানান, বিমান চলাচল নিয়ন্ত্রণ নেটওয়ার্ক পরিচালনাকারী প্রতিষ্ঠান এলথ্রি হ্যারিস টেকনোলজিস একটি প্রত্যন্ত এলাকায় তামার তারের পরিবর্তে ফাইবার অপটিক লাইন স্থাপনের কাজ করছিল। এ সময় একটি রাউটার থেকে পুরো ব্যবস্থায় ভুল তথ্য ছড়িয়ে পড়ায় বিমান ও রাডারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

কর্মকর্তাদের ধারণা, আরকানসাস ও টেক্সাসের রাউটারে এ ত্রুটি ঘটে থাকতে পারে। ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজের ত্রুটি, নাকি যান্ত্রিক সমস্যার কারণে এ বিপর্যয় ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে এলথ্রি হ্যারিস এক বিবৃতিতে জানিয়েছে, এফএএর তদন্তে তারা পূর্ণ সহযোগিতা করছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!