বুলেট ট্রেন নয়, ১৪০ কিমি গতির বৈদ্যুতিক ট্রেনে গুরুত্ব
দেশের রেল যোগাযোগ আধুনিকায়নে নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রেলপথে বৈদ্যুতিক ট্রেন চালুর পাইলট প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার।
এ প্রকল্পের অভিজ্ঞতার ভিত্তিতে পরবর্তী সময়ে বৈদ্যুতিক ট্রেন নেটওয়ার্ক চট্টগ্রাম পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। এতে দেশের গুরুত্বপূর্ণ ঢাকা-চট্টগ্রাম রেল করিডোরে আধুনিক বৈদ্যুতিক ট্রেন চালুর সুযোগ তৈরি হবে বলে আশা করছে রেলওয়ে।
রেলওয়ে সূত্র জানায়, ঘণ্টায় প্রায় ৩৫০ কিলোমিটার গতির বুলেট ট্রেনের পরিবর্তে সর্বোচ্চ ১৪০ কিলোমিটার গতিতে চলতে সক্ষম বৈদ্যুতিক ট্রেন চালুর ওপর গুরুত্ব দিচ্ছে সরকার। এতে যাত্রীসেবার মান উন্নয়নের পাশাপাশি পণ্য পরিবহনে গতি বাড়বে এবং জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমবে।
বাংলাদেশ রেলওয়ের পরিকল্পনা সেলের প্রধান পরিকল্পনা কর্মকর্তা (সিপিও) প্রকৌশলী মো. রফিকুল ইসলাম জানান, দেশের প্রথম বৈদ্যুতিক ট্রেন করিডোর হিসেবে নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রেলপথ নির্বাচন করা হয়েছে। ঘণ্টায় সর্বোচ্চ ১৪০ কিলোমিটার গতিতে চলতে সক্ষম আধুনিক বৈদ্যুতিক ট্রেন চালুর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, পাইলট প্রকল্পটি ইতোমধ্যে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) অনুমোদন পেয়েছে। এতে ব্যয় ধরা হয়েছে প্রায় সাড়ে ৩ হাজার কোটি টাকা। প্রকল্পের সিংহভাগ অর্থায়ন করবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। আমদানি করা সরঞ্জামের সঙ্গে সংশ্লিষ্ট অভ্যন্তরীণ ব্যয়, শুল্ক ও ভ্যাট বহন করবে সরকার।
পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের মধ্যে দরপত্র প্রক্রিয়া শেষ করার লক্ষ্য রয়েছে। ২০২৮ সালের মাঝামাঝি থেকে বড় ধরনের নির্মাণকাজ দ্রুত এগিয়ে নেওয়ার পরিকল্পনা করা হয়েছে।
পাইলট প্রকল্পের আওতায় এ রেলপথে চলাচলের জন্য ১৬ সেট আধুনিক ইলেকট্রিক মাল্টিপল ইউনিট (ইএমইউ) ট্রেন আমদানি করা হবে। এসব ট্রেনের দুই প্রান্তেই চালকের কক্ষ থাকবে। ফলে চলাচলের দিক পরিবর্তনের সময় ট্রেন ঘোরানোর প্রয়োজন হবে না। এতে নির্দিষ্ট বিরতিতে ট্রেন চলাচল সহজ হবে।
ঢাকা-চট্টগ্রাম রুটে পণ্য পরিবহনে গুরুত্ব
রফিকুল ইসলাম বলেন, ঢাকা-চট্টগ্রাম রেলপথ যাত্রী ও পণ্য পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ রেলপথ রাজধানীকে দেশের প্রধান সমুদ্রবন্দর এবং গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্রগুলোর সঙ্গে যুক্ত করেছে।
তিনি জানান, এ রুটে বৈদ্যুতিক লোকোমোটিভ চালু করা গেলে কনটেইনার ও ভারী পণ্য পরিবহনে উল্লেখযোগ্য উন্নতি হবে। পাশাপাশি যাতায়াতের সময় ও পরিচালন ব্যয় কমানো সম্ভব হবে।
বর্তমানে চট্টগ্রাম থেকে ঢাকায় রেলপথে বছরে প্রায় ৬০ হাজার থেকে ৭০ হাজার টিইইউ (২০ ফুট সমমানের একক) কনটেইনার পরিবহন করা হয়। এটি দেশের মোট কনটেইনার পরিবহনের প্রায় ৩ শতাংশ।
ধীরাশ্রম ইনল্যান্ড কনটেইনার ডিপো (আইসিডি) প্রকল্পের মাধ্যমে রেলপথে বছরে কনটেইনার পরিবহনের পরিমাণ ৪ লাখ ৫০ হাজার টিইইউতে উন্নীত করার লক্ষ্য রয়েছে। এতে রেলপথে পণ্য পরিবহনের সক্ষমতা বাড়বে।
রেলওয়ের পরিকল্পনা সেলের সিপিও বলেন, বৈদ্যুতিক ট্রেনের পাশাপাশি আধুনিক পণ্য ব্যবস্থাপনা সুবিধা গড়ে তোলা গেলে বাংলাদেশ রেলওয়ের বাণিজ্যিক সক্ষমতা আরও বাড়বে।
রেল অবকাঠামো উন্নয়নে বিভিন্ন উদ্যোগ
রেলওয়ে সূত্র জানায়, বৈদ্যুতিক ট্রেন চালু এবং ভবিষ্যতে এ সেবা সম্প্রসারণের উপযোগী পরিবেশ তৈরিতে কয়েকটি উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে।
রফিকুল ইসলাম জানান, ঢাকা-টঙ্গী রেলপথে তৃতীয় ও চতুর্থ লাইন নির্মাণের কাজ এগিয়ে চলছে। অন্যদিকে টঙ্গী-জয়দেবপুর অংশে ডাবল লাইন নির্মাণের কাজ শেষ হয়েছে।
জয়দেবপুরে আধুনিক ইএমইউ ডিপো ও ওয়ার্কশপ স্থাপনের জন্য অতিরিক্ত জমি অধিগ্রহণ করা হচ্ছে। এসব অবকাঠামো ট্রেনের রক্ষণাবেক্ষণ ও পরিচালনায় সহায়তা করবে।
এ ছাড়া টঙ্গী-আখাউড়া এবং লাকসাম-চট্টগ্রাম রেলপথের বিদ্যমান মিটারগেজ লাইনগুলোকে ডুয়ালগেজ ডাবল লাইনে রূপান্তরের কাজ চলছে। ভবিষ্যতে রেলপথ বিদ্যুতায়নের জন্য প্রয়োজনীয় অবকাঠামো শক্তিশালী করাই এসব উদ্যোগের লক্ষ্য।
বুলেট ট্রেনের পরিবর্তে বৈদ্যুতিক ট্রেনে গুরুত্ব
রফিকুল ইসলাম বলেন, বুলেট ট্রেন চালু করতে আনুমানিক ১ লাখ ৫০ হাজার কোটি থেকে ২ লাখ ৫০ হাজার কোটি টাকা বিনিয়োগের প্রয়োজন হতে পারে। এ ছাড়া জমি অধিগ্রহণ এবং ঘনবসতিপূর্ণ কৃষিপ্রধান এলাকায় এ ধরনের রেলপথ নির্মাণ বড় চ্যালেঞ্জ।
তার মতে, অবকাঠামো নির্মাণের ব্যয় ও জমির প্রয়োজনীয়তা বিবেচনায় বৈদ্যুতিক ট্রেন চালুর পরিকল্পনা তুলনামূলকভাবে বাস্তবসম্মত।
বৈদ্যুতিক ট্রেন চালু হলে কার্বন নিঃসরণ ও বায়ুদূষণ কমার পাশাপাশি জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমবে বলেও আশা করা হচ্ছে।
রফিকুল ইসলাম জানান, বাংলাদেশ রেলওয়ে নতুন প্রকল্পগুলোর পরিবেশগত সুফল এবং কার্বন নিঃসরণ কমানোর সম্ভাবনা মূল্যায়ন করছে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রক্রিয়ায় এসব প্রকল্প থেকে কার্বন ক্রেডিট অর্জনের সুযোগও রয়েছে।
নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর পাইলট প্রকল্পটি দেশের বৃহত্তর বৈদ্যুতিক রেল নেটওয়ার্ক গড়ে তোলার ভিত্তি তৈরি করবে বলে আশা করা হচ্ছে। পরবর্তী সময়ে এ নেটওয়ার্ক চট্টগ্রাম পর্যন্ত সম্প্রসারিত হলে যাত্রী ও পণ্য পরিবহনে গতি বাড়ার পাশাপাশি রেলওয়ের পরিচালন দক্ষতা এবং পরিবেশবান্ধব যোগাযোগব্যবস্থা গড়ে তোলার সুযোগ তৈরি হবে।
সূত্র: বাসস