ঢাকা,  রোববার   ১৫ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

ইরানে সামরিক অভিযান চালানো ট্রাম্পের ভুল সিদ্ধান্ত: ব্লিঙ্কেন

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১০:৩৯, ১৫ নভেম্বর ২০২৬
ইরানে সামরিক অভিযান চালানো ট্রাম্পের ভুল সিদ্ধান্ত: ব্লিঙ্কেন
সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। ছবি: সংগৃহীত

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান চালানোর সিদ্ধান্তকে ভুল বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। তার মতে, আগের মার্কিন প্রশাসনগুলো ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপকে সব সময় শেষ বিকল্প হিসেবে বিবেচনা করেছে। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই পথ বেছে নিয়ে ভুল করেছেন।

ইরানের বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সির প্রকাশ করা একটি ভিডিওতে ব্লিঙ্কেনকে এ মন্তব্য করতে দেখা গেছে। একটি প্যানেল আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, ট্রাম্পের সামরিক পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত সঠিক হয়নি বলে তিনি মনে করেন।

ব্লিঙ্কেন বলেন, আগের প্রতিটি মার্কিন প্রশাসন বিষয়টি পর্যালোচনা করে সামরিক অভিযানকে শেষ বিকল্প হিসেবে বিবেচনা করেছিল। কারণ, এ ধরনের হামলার মাধ্যমে ইরানের পারমাণবিক কর্মসূচি সাময়িকভাবে কয়েক বছর পিছিয়ে দেওয়া সম্ভব হলেও তা পুরোপুরি বন্ধ করা যেত না।

তিনি বলেন, ‘এ ধরনের হামলায় ইরানের কর্মসূচি হয়তো কিছুটা পিছিয়ে দেওয়া যেত। কিন্তু বড়জোর কয়েক বছরের জন্য। এরপর কর্মসূচিটি আরও গভীরে মাটির নিচে সরিয়ে নেওয়া হতো এবং তারা আরও বড় পরিসরে কাজ শুরু করত।’

ব্লিঙ্কেনের মতে, সামরিক অভিযানের মাধ্যমে ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধ করা সম্ভব হতো না। বরং এর ফলে কর্মসূচিটি আরও গোপন ও সুরক্ষিত স্থানে সরিয়ে নেওয়ার সুযোগ তৈরি হতো।

তথ্যসূত্র: দ্য ডন

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!