ঢাকা,  রোববার   ১৫ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

[ মতামত ]

সাংস্কৃতিক রুচির পরিবর্তন, নাকি অবক্ষয়ের অশনিসংকেত?

উর্মী রহমান সোনিয়া
প্রকাশিত: ১০:৩৩, ১৫ নভেম্বর ২০২৬
সাংস্কৃতিক রুচির পরিবর্তন, নাকি অবক্ষয়ের অশনিসংকেত?
আমি জনপ্রিয়তার বিরুদ্ধে নই, আধুনিকতার বিরুদ্ধেও নই। আমি শুধু চাই, জনপ্রিয়তার ভিড়ে মান যেন হারিয়ে না যায়।

মাঝেমধ্যে চারপাশের বিনোদনজগৎ দেখে সত্যিই ভাবতে হয়, আমরা কোন দিকে এগোচ্ছি? একটা জাতির সাংস্কৃতিক রুচি কি এভাবেই বদলে যায়? নাকি আমরা ধীরে ধীরে নিজেদের সাংস্কৃতিক পরিচয় ও স্বকীয়তা হারিয়ে ফেলছি?

একটা সময় বাংলা গান মানেই ছিল ভিন্ন এক আবেগ, ভিন্ন এক অনুভূতি। গান শুধু শোনার বিষয় ছিল না, গান ছিল ভালো লাগার, প্রেমের, বিরহের, একাকিত্বের, কখনো নিজের সঙ্গে নিজের কথোপকথনের মাধ্যম।

  • ফুয়াদ-উপলের গান, হাবিবের সুর, বালামের মেলোডি, অর্ণবের অন্যরকম সংগীতভাবনা, তাহসানের আবেগময় কণ্ঠ, সঞ্জীব চৌধুরীর গভীর কথামালা কিংবা বাপ্পা মজুমদারের অসাধারণ সৃষ্টি—এসবের মধ্য দিয়ে একটা প্রজন্ম বড় হয়েছে। আইয়ুব বাচ্চু, জেমস, মাইলস, সোলস, এলআরবি, ওয়ারফেজ, ব্ল্যাক, আর্টসেল কিংবা শিরোনামহীনের গান আমাদের সংগীতজগতকে কতটা সমৃদ্ধ করেছে, তা নতুন করে বলার অপেক্ষা রাখে না।

তখন একটা গানের কথা, সুর, কণ্ঠ, সংগীতায়োজন—সবকিছু নিয়েই আলাদা যত্নের ছাপ পাওয়া যেত। একটা গান জনপ্রিয় হওয়ার পেছনে শুধু প্রচারণা নয়, সৃষ্টিশীলতারও বড় ভূমিকা ছিল।

গানের কথায় সাহিত্য থাকত, সুরে মাধুর্য থাকত, আর অনুভূতির জায়গাটা থাকত অনেক গভীর।তারও আগে আরও অনেক কিংবদন্তি রা গেয়েছেন কি চমৎকার ছিল তাদের গায়কী।

অথচ এখনকার অনেক জনপ্রিয় গান, বিনোদন কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমের ভাইরাল কনটেন্ট দেখলে মনে হয়, জনপ্রিয়তা অর্জন করাটাই যেন একমাত্র লক্ষ্য। কথা কতটা অর্থবহ, সুর কতটা শ্রুতিমধুর, পরিবেশনা কতটা শালীন কিংবা সৃষ্টিটা কতটা মানসম্পন্ন—এসব প্রশ্ন যেন ক্রমশ গুরুত্ব হারাচ্ছে।

কিছু একটা ভাইরাল হলেই আমরা সেটাকে গ্রহণ করছি, শেয়ার করছি, প্রচার করছি। ভালো লাগার চেয়ে আলোচনায় থাকার প্রবণতাই যেন বেশি কাজ করছে।

আমার প্রশ্নটা অবশ্য কাউকে ব্যক্তিগতভাবে আঘাত করা নয়। প্রত্যেক মানুষের পছন্দ আলাদা হতে পারে। সংগীতের রুচিও ব্যক্তিভেদে ভিন্ন হওয়াটাই স্বাভাবিক। কিন্তু ব্যক্তিগত পছন্দের স্বাধীনতা আর সামগ্রিক সাংস্কৃতিক মানের প্রশ্ন তো এক নয়।

একটা বিষয় মনে রাখা দরকার, জনপ্রিয়তা কখনোই মানের একমাত্র প্রমাণ নয়। অনেক নিম্নমানের বিষয়ও বিপুল জনপ্রিয়তা পেতে পারে। আবার অসাধারণ অনেক সৃষ্টি হয়তো কখনোই ভাইরাল হয় না।

আমরা যখন ছোট ছিলাম তখন হুমায়ূন আহমেদের 'আজ রবিবার'-এর মতো নাটক আমাদের হাসিয়েছে। তার সংলাপ, চরিত্র, ব্যঙ্গ, নির্মাণশৈলী—সবকিছুর মধ্যে একটা স্বতন্ত্র রুচিবোধ ছিল। আজও কমেডি হচ্ছে, মানুষ হাসছে। কিন্তু হাসানোর জন্য কী ধরনের ভাষা, আচরণ কিংবা উপস্থাপনাকে স্বাভাবিক করে তোলা হচ্ছে, সেই প্রশ্নটাও গুরুত্বপূর্ণ।

কারণ বিনোদন শুধু সময় কাটানোর উপকরণ নয়; বিনোদন মানুষের চিন্তা, ভাষা, আচরণ এবং রুচি গঠনের ক্ষেত্রেও প্রভাব ফেলে।

আমরা কি তাহলে ভালো কিছুর মূল্যায়ন করতে ভুলে যাচ্ছি? নাকি অল্প সময়ের আনন্দ, ভিউ, লাইক আর ভাইরাল হওয়ার প্রতিযোগিতায় দীর্ঘস্থায়ী সৃষ্টির গুরুত্ব হারিয়ে ফেলছি?

  • একটা জাতির পরিচয় শুধু তার অর্থনৈতিক উন্নয়ন, অবকাঠামো কিংবা প্রযুক্তিগত অগ্রগতিতে সীমাবদ্ধ নয়। তার সাহিত্য, সংগীত, নাটক, চলচ্চিত্র, শিল্পচর্চা এবং সাংস্কৃতিক মূল্যবোধও সেই জাতির পরিচয়ের গুরুত্বপূর্ণ অংশ।

আধুনিক হওয়া মানে রুচিহীন হওয়া নয়। পুরোনোকে ভালোবাসা মানেই নতুনকে অস্বীকার করা নয়।

আমি নতুন গান শুনতে চাই, নতুন শিল্পী তৈরি হোক, নতুন ধারার সংগীত আসুক। কিন্তু সেই নতুনত্বের মধ্যে সৃষ্টিশীলতা, সৌন্দর্য, শালীনতা এবং নিজস্বতা থাকুক—এটাই প্রত্যাশা।

কারণ একটি জাতির সাংস্কৃতিক পতন একদিনে ঘটে না। ধীরে ধীরে ভালো সৃষ্টির প্রতি আগ্রহ কমে যায়, নিম্নমানের বিষয় স্বাভাবিক হয়ে ওঠে, আর একসময় মানুষ মান নিয়ে প্রশ্ন করাটাও বন্ধ করে দেয়।

আমাদের কি সত্যিই সেই জায়গায় পৌঁছে যাওয়ার কথা ছিল?

  • আমরা এমন একটা প্রজন্মের উত্তরসূরি, যারা অর্ণবের গানে বিষণ্ন হয়েছে, সঞ্জীবের গানে জীবন খুঁজেছে, আইয়ুব বাচ্চুর গিটারে মুগ্ধ হয়েছে, হাবিবের সুরে প্রেম করেছে। সেই সংগীতবোধ, সেই সাংস্কৃতিক চর্চা, সেই সৌন্দর্যবোধ কি আমরা পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দিতে পারছি?

আমি জনপ্রিয়তার বিরুদ্ধে নই, আধুনিকতার বিরুদ্ধেও নই। আমি শুধু চাই, জনপ্রিয়তার ভিড়ে মান যেন হারিয়ে না যায়।

কারণ একটা জাতির রুচির অবক্ষয় শুধু তার বিনোদনকে বদলায় না, একসময় তার চিন্তা ও মননকেও প্রভাবিত করে।

আমাদের বিনোদন হোক আনন্দের, কিন্তু সেই আনন্দের মধ্যে রুচি ও মননেরও একটা জায়গা থাকুক।

লেখক : উর্মী রহমান সোনিয়া, প্রভাষক। গার্হস্থ্য বিজ্ঞান, ডাঃ সাইফুল ইসলাম ডিগ্রি কলেজ, কাটগড়া, মহেশপুর, ঝিনাইদহ। 

ডেইলি-বাংলাদেশ/এসএমএম
লিংক সফলভাবে কপি হয়েছে!