রকেট পুনর্ব্যবহারে নতুন সাফল্য স্পেসএক্সের
মহাকাশ গবেষণায় নতুন এক সাফল্যের দাবি করেছে ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্স। মহাকাশ থেকে ফিরে আসা বিশাল রকেটকে উৎক্ষেপণ কেন্দ্রের যান্ত্রিক বাহুর সাহায্যে খাড়াভাবে ধরে রাখার ঘটনা মহাকাশযান পুনর্ব্যবহারের ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি করেছে।
এএনআইয়ের প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের টেক্সাসের স্টারবেস থেকে স্টারশিপের ১৫তম ফ্লাইট সফলভাবে উৎক্ষেপণ করা হয়। মহাকাশে নির্ধারিত কার্যক্রম শেষে রকেটটি পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে উৎক্ষেপণ কেন্দ্রে ফিরে আসে। পরে মেঘের আড়াল থেকে নেমে আসা রকেটটি উৎক্ষেপণ কেন্দ্রের বিশাল যান্ত্রিক বাহুর মধ্যে আটকা পড়ে।
এ ঘটনাকে স্পেসএক্সের পুনর্ব্যবহারযোগ্য রকেট প্রযুক্তির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
সাফল্যের জন্য স্পেসএক্সের দলকে অভিনন্দন জানিয়েছেন নাসার প্রশাসক জারেড আইজ্যাকম্যান এবং প্রতিষ্ঠানটির প্রধান ইলন মাস্ক। আইজ্যাকম্যান ঘটনাটিকে ‘প্রায় জাদুর মতো’ বলে অভিহিত করেছেন।
সাধারণত মহাকাশ মিশন শেষে রকেটের বিভিন্ন অংশ সমুদ্রে পড়ে যায় বা ধ্বংস হয়ে যায়। তবে স্পেসএক্সের লক্ষ্য হলো স্টারশিপের প্রতিটি অংশ নিরাপদে ফিরিয়ে এনে পুনরায় ব্যবহার করা।
প্রতিষ্ঠানটির এই প্রযুক্তি সফলভাবে বাস্তবায়িত হলে ভবিষ্যতে মহাকাশ অভিযানের ব্যয় কমানো এবং ঘন ঘন মহাকাশযান উৎক্ষেপণের সুযোগ তৈরি হতে পারে।