দুই হাজার বছর আগের সুগন্ধির বোতল, শিশুর তাবিজ উদ্ধার
ইতালির প্রাচীন নগরী পম্পেইয়ে প্রায় দুই হাজার বছর ধরে আগ্নেয়গিরির ছাইয়ের নিচে চাপা পড়ে থাকা একটি কাঠের আলমারি থেকে সুগন্ধির বোতলসহ নানা প্রত্নবস্তু উদ্ধার করেছেন প্রত্নতাত্ত্বিকেরা। এসব সামগ্রীর মধ্যে রয়েছে কাচের ছোট সুগন্ধির বোতল, প্রসাধনসামগ্রী, ধূপদানি, শিশুর তাবিজের হার এবং ৩৮টি ব্রোঞ্জের মুদ্রা।
১০ নভেম্বর পাকিস্তানের সংবাদমাধ্যম ডনিয়া নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রত্নতাত্ত্বিকদের ধারণা, আবিষ্কারটি প্রাচীন রোমানদের দৈনন্দিন জীবনযাপন, সাজসজ্জা, পারিবারিক স্মৃতি ও বাণিজ্যিক কর্মকাণ্ড সম্পর্কে নতুন তথ্য দেবে।
প্রত্নতাত্ত্বিকদের তথ্য অনুযায়ী, পম্পেইয়ের রেজিও নাইন এলাকায় একটি বাড়ির পেছনের কক্ষে কাঠের আলমারিটির সন্ধান পাওয়া যায়। বাড়িটি কর্নেলিয়াস ম্যাক্সিমাস নামের এক ব্যক্তির হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে আলমারিতে থাকা লেখার বেশির ভাগই অস্পষ্ট হয়ে গেছে।
আলমারির ভেতরে পাওয়া কাচের সুগন্ধির বোতলটি বিশেষভাবে নজর কেড়েছে। এর পাশাপাশি ছিল প্রসাধনের কাজে ব্যবহৃত চিমটা, রং গুঁড়া করার পাথরের সরঞ্জাম, ধূপদানি, ব্রোঞ্জের বাতি এবং রান্নার পাত্র।
শিশুর তাবিজের হারেও বিস্মিত প্রত্নতাত্ত্বিকেরা
আবিষ্কৃত সামগ্রীর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় একটি শিশুর তাবিজের হার। এতে অন্তত ২৪টি ছোট ছোট অলংকার পাওয়া গেছে। হাড়, কাচের মিশ্রণ, মৃৎপাত্র ও স্ফটিক দিয়ে তৈরি এসব তাবিজের কয়েকটিতে প্রাচীন দেবতা বেস ও মার্কারির প্রতিকৃতি রয়েছে। এ ছাড়া হাত, পা, আনারসের মতো ফল ও আঙুরের থোকার আকৃতির ছোট অলংকারও পাওয়া গেছে।
গবেষকদের ধারণা, প্রাচীন রোমান পরিবারগুলো শিশুদের সুরক্ষার প্রতীক হিসেবে এ ধরনের হার পরাত। এগুলো নড়াচড়া করলে শব্দ হতো, যা দিয়ে অভিভাবকেরা শিশুদের অবস্থানও বুঝতে পারতেন। কোনো কোনো ক্ষেত্রে শৈশবের স্মৃতি হিসেবে বড় হওয়ার পরও এসব হার সংরক্ষণ করা হতো।
৩৮টি মুদ্রা ও বাণিজ্যের সূত্র
আলমারির ভেতরে একটি ছোট পাত্রে ৩৮টি ব্রোঞ্জের মুদ্রা পাওয়া গেছে। এ ছাড়া কাঠের বাক্সে ছিল কয়েকটি সিসার ওজন। প্রত্নতাত্ত্বিকদের ধারণা, সিসার ওজনগুলো বাণিজ্যিক কাজে ব্যবহৃত হয়ে থাকতে পারে। তবে সেগুলোর সুনির্দিষ্ট ব্যবহার এখনো নিশ্চিত হওয়া যায়নি।
গবেষকেরা মনে করছেন, বাড়িটির বাসিন্দারা আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের সময় এতটাই বিপর্যস্ত হয়ে পড়েছিলেন যে অর্থ ও মূল্যবান ব্যক্তিগত সামগ্রীও সঙ্গে নিতে পারেননি।
আগ্নেয়গিরির ছাইয়ে আটকে থাকা ইতিহাস
খ্রিষ্টীয় ৭৯ সালে মাউন্ট ভিসুভিয়াসের ভয়াবহ অগ্ন্যুৎপাতে পম্পেই নগরী ছাই ও আগ্নেয়গিরির ধ্বংসাবশেষের নিচে চাপা পড়ে। এতে শহরটির অসংখ্য বাড়িঘর, রাস্তাঘাট ও ব্যবহার্য সামগ্রী দীর্ঘকাল সংরক্ষিত থাকে।
প্রত্নতাত্ত্বিকেরা জানিয়েছেন, কয়েক শতাব্দীর খননকাজে পম্পেইয়ের প্রায় দুই-তৃতীয়াংশ এলাকা উন্মোচিত হয়েছে। নতুন আবিষ্কৃত আলমারির কাঠামোও ধ্বংসাবশেষে রয়ে যাওয়া চিহ্ন ও ছাপ বিশ্লেষণ করে পুনর্গঠন করা হয়েছে।
পম্পেই প্রত্নতাত্ত্বিক উদ্যানের মহাপরিচালক গ্যাব্রিয়েল জুখট্রিগেল মনে করেন, এ ধরনের আবিষ্কার শুধু প্রাচীন স্থাপত্য বা শিল্পকলার ইতিহাস নয়, সাধারণ মানুষের ব্যক্তিগত জীবন, অভ্যাস ও স্মৃতির জগৎ সম্পর্কেও ধারণা দেয়।
প্রায় দুই হাজার বছর ধরে বন্ধ থাকা একটি আলমারি খুলে পাওয়া এসব সামগ্রী তাই প্রাচীন রোমান সভ্যতার এক সাধারণ পরিবারের জীবনযাপনের অজানা অধ্যায় সামনে নিয়ে এসেছে।