ঢাকা,  মঙ্গলবার   ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

[ বিজ্ঞান বিস্ময় ]

অ্যান্টার্কটিকার বরফে মানুষের সঙ্গে রোবটের দৌড়, তিন কিলোমিটারেই থামল যাত্রা

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ২০:১৭, ১০ নভেম্বর ২০২৬
অ্যান্টার্কটিকার বরফে মানুষের সঙ্গে রোবটের দৌড়, তিন কিলোমিটারেই থামল যাত্রা
ছবি: সংগৃহীত

মানুষের সঙ্গে পাল্লা দিয়ে বরফে ঢাকা অ্যান্টার্কটিকায় আলট্রা-ম্যারাথনে অংশ নিয়েছিল একটি হিউম্যানয়েড রোবট। বিশেষ তাপ নিরোধক পোশাক পরেও শেষ রক্ষা হয়নি। মাইনাস ২৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মাত্র ৩ কিলোমিটার দৌড়ানোর পর ব্যাটারির চার্জ শেষ হয়ে যায়। ফলে প্রতিযোগিতা থেকে সরে দাঁড়াতে হয় রোবটটিকে।

রোবটটির নাম কিউস্টার (Qestr)। গত ৮ নভেম্বর অ্যান্টার্কটিকার আলটিমা ক্যাম্প এলাকায় অনুষ্ঠিত ‘অ্যান্টার্কটিক আইস আলট্রা’ প্রতিযোগিতায় অংশ নেয় এটি। আয়োজকদের তথ্য অনুযায়ী, ২৫ জন প্রতিযোগীর মধ্যে একমাত্র হিউম্যানয়েড রোবট ছিল কিউস্টার। মানব প্রতিযোগীদের সঙ্গে একই সময়ে দৌড় শুরু করে সে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সের ভিডিও প্রতিবেদনে দেখা যায়, বরফে ঢাকা দুর্গম পথে মানুষের সঙ্গে তাল মিলিয়ে দৌড়ানোর চেষ্টা করছে রোবটটি। তবে প্রতিকূল আবহাওয়ায় বেশিক্ষণ টিকতে পারেনি। প্রায় ৩ কিলোমিটার অতিক্রম করার পর ব্যাটারির চার্জ শেষ হয়ে যাওয়ায় তার দৌড় থেমে যায়।

প্রতিযোগিতাটিতে অংশগ্রহণকারীদের জন্য ৫০, ৮০, ১০০ ও ১৬০ কিলোমিটারের বিভিন্ন দূরত্ব নির্ধারিত ছিল। রোবটটির ব্যর্থতার বিপরীতে মানব প্রতিযোগীরা দীর্ঘ পথ পাড়ি দেন। চীনের দৌড়বিদ ইউশেং নি ১৬০ কিলোমিটার দৌড় শেষ করেন ১৭ ঘণ্টা ২ মিনিট ২৪ সেকেন্ডে, যা তার আগের রেকর্ডকেও ছাড়িয়ে যায়।

কেন থেমে গেল রোবটের দৌড়?

বিশেষজ্ঞদের মতে, প্রচণ্ড ঠান্ডায় লিথিয়াম-আয়ন ব্যাটারির কার্যক্ষমতা কমে যায়। তাপমাত্রা কমলে ব্যাটারির ভেতরে রাসায়নিক বিক্রিয়ার গতি ধীর হয়ে পড়ে। এতে বিদ্যুৎ সরবরাহের সক্ষমতা হ্রাস পায় এবং দ্রুত চার্জ শেষ হওয়ার ঝুঁকি তৈরি হয়।

রোবটটির শরীরে বিশেষ তাপ নিরোধক জ্যাকেট থাকলেও তা ব্যাটারিকে প্রয়োজনীয় তাপমাত্রায় ধরে রাখতে পারেনি। এ ছাড়া বরফের ওপর ভারসাম্য বজায় রেখে চলা, পা ফেলা এবং মোটর পরিচালনার জন্য বাড়তি শক্তির প্রয়োজন হয়।

প্রযুক্তির সক্ষমতা ও সীমাবদ্ধতার পরীক্ষা

বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে হিউম্যানয়েড রোবটের চলাফেরা, দৌড়, ভারসাম্য রক্ষা ও বাস্তব পরিবেশে কাজ করার সক্ষমতা বাড়াতে গবেষণা চলছে। চলতি বছরের এপ্রিলে চীনের বেইজিংয়ে অনুষ্ঠিত হিউম্যানয়েড রোবট হাফ-ম্যারাথনে একটি রোবট প্রায় ২১ কিলোমিটার পথ অতিক্রম করেছিল।

তবে অ্যান্টার্কটিকার এই অভিজ্ঞতা দেখিয়েছে, নিয়ন্ত্রিত পরিবেশে রোবটের সাফল্য আর চরম প্রতিকূল আবহাওয়ায় কাজ করার সক্ষমতা এক নয়। ভবিষ্যতে এ ধরনের পরিবেশে রোবটকে কার্যকর করতে উন্নত ব্যাটারি, তাপ নিয়ন্ত্রণব্যবস্থা ও শক্তি সাশ্রয়ী প্রযুক্তি প্রয়োজন হবে।

মাত্র ৩ কিলোমিটার দৌড়েই কিউস্টারের অভিযান শেষ হলেও প্রযুক্তি গবেষকদের জন্য এটি গুরুত্বপূর্ণ বাস্তব অভিজ্ঞতা। কারণ, মানুষের মতো চরম পরিবেশে কাজ করতে সক্ষম রোবট তৈরির পথে এখনো অনেক প্রযুক্তিগত বাধা রয়েছে।

সূত্র: রয়টার্স, আলজাজিরা ও ইয়োনহাপ নিউজ

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!