নিলামে ডাইনোসরের কঙ্কাল ৫৬৬ কোটি টাকায় বিক্রি!
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নিলামে ৪ কোটি ৭৩ লাখ ডলারে বিক্রি হয়েছে প্রায় ৬ কোটি ৭০ লাখ বছর আগের এক ডাইনোসরের কঙ্কাল। বাংলাদেশি মুদ্রায় এর দাম প্রায় ৫৬৬ কোটি টাকা (প্রতি ডলার ১২০ টাকা হিসাবে)। ‘জোডি’ নামের কঙ্কালটি ন্যানোটাইরানাস প্রজাতির। এটি এখন পর্যন্ত নিলামে বিক্রি হওয়া সবচেয়ে দামি ডাইনোসরের জীবাশ্মের মধ্যে দ্বিতীয় স্থানে উঠে এসেছে।
গত ২৭ অক্টোবর নিউইয়র্কে বিখ্যাত নিলাম প্রতিষ্ঠান সোথেবির আয়োজনে কঙ্কালটি বিক্রি হয়। প্রায় ১২ মিনিট ধরে ছয়জন ক্রেতার মধ্যে দর-কষাকষি চলে। শেষ পর্যন্ত একজন অজ্ঞাতনামা ক্রেতা ৪ কোটি ৭৩ লাখ ডলারে এটি কিনে নেন। নিলামের আগে কঙ্কালটির দাম ৬০ থেকে ৯০ লাখ ডলার হতে পারে বলে ধারণা করেছিল কর্তৃপক্ষ। কিন্তু চূড়ান্ত দাম সেই অনুমানকে ছাড়িয়ে যায় পাঁচ গুণেরও বেশি।
টি-রেক্সের ঘনিষ্ঠ আত্মীয় ন্যানোটাইরানাস
ন্যানোটাইরানাস ছিল মাংসাশী এক শিকারি ডাইনোসর। প্রায় ৬ কোটি ৭০ লাখ বছর আগে ক্রিটেশিয়াস যুগের শেষ দিকে পৃথিবীতে বিচরণ করত প্রাণীটি। একই সময়ে পৃথিবীতে ছিল বিখ্যাত টাইরানোসরাস রেক্স বা টি-রেক্স।
জোডির কঙ্কালটি নাক থেকে লেজ পর্যন্ত প্রায় ১৯ দশমিক ৬ ফুট লম্বা এবং প্রদর্শনী কাঠামোসহ প্রায় ৯ দশমিক ৬ ফুট উঁচু। এতে প্রায় ১৯১টি জীবাশ্মীভূত হাড় রয়েছে। কঙ্কালটি প্রায় ৭০ শতাংশ সম্পূর্ণ বলে ধারণা করা হয়। এর মধ্যে রয়েছে প্রায় সম্পূর্ণ মাথার খুলি, দাঁত, পাঁজর, মেরুদণ্ড, পায়ের হাড় ও নখর।
ন্যানোটাইরানাসের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো, টি-রেক্সের তুলনায় এর সামনের পা অপেক্ষাকৃত লম্বা, হাতের নখর বড় এবং দাঁত সরু ও ধারালো ছিল। আকারেও এটি পূর্ণবয়স্ক টি-রেক্সের তুলনায় অনেক ছোট ছিল।
আট দশকের বিতর্কের অবসান
ন্যানোটাইরানাস আসলে স্বতন্ত্র কোনো ডাইনোসর প্রজাতি, নাকি এটি কিশোর বয়সের টি-রেক্স, তা নিয়ে বিজ্ঞানীদের মধ্যে দীর্ঘদিন বিতর্ক ছিল। ১৯৪২ সালে এ ধরনের একটি ছোট আকারের টাইরানোসরাসের মাথার খুলি আবিষ্কারের পর বিতর্কের সূত্রপাত হয়।
২০২৫ সালে বিজ্ঞান সাময়িকী নেচার-এ প্রকাশিত গবেষণায় ন্যানোটাইরানাসকে স্বতন্ত্র গণের ডাইনোসর হিসেবে প্রতিষ্ঠার পক্ষে গুরুত্বপূর্ণ প্রমাণ তুলে ধরা হয়। এতে দুই প্রাণীর শারীরিক গঠনে ১৫০টির বেশি পার্থক্যের কথা উল্লেখ করা হয়।
মন্টানার একটি ব্যক্তিমালিকানাধীন খামারে ২০১৯ সালে জোডির জীবাশ্মটি আবিষ্কার করেন জোডি পিয়ারসন। পরে জীবাশ্ম বিশেষজ্ঞ ক্লেটন ফিপসের নেতৃত্বে এটি খনন করা হয়। আবিষ্কারকের নাম অনুসারেই কঙ্কালটির নাম রাখা হয়েছে জোডি।
জীবাশ্ম ব্যক্তিগত সংগ্রহে যাওয়া নিয়ে উদ্বেগ
এত বিপুল অর্থে ডাইনোসরের কঙ্কাল বিক্রি হওয়ায় বিজ্ঞানীদের মধ্যে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। তাঁদের একাংশের আশঙ্কা, গুরুত্বপূর্ণ জীবাশ্ম ব্যক্তিগত সংগ্রহে চলে গেলে গবেষক ও সাধারণ মানুষের জন্য সেগুলো দেখার এবং গবেষণার সুযোগ সীমিত হয়ে পড়বে।
এর আগে চলতি বছরের জুলাইয়ে ‘গাস’ নামের একটি টি-রেক্সের কঙ্কাল ৫ কোটি ১০ লাখ ডলারে বিক্রি হয়েছিল। সেটিই এখন পর্যন্ত নিলামে বিক্রি হওয়া সবচেয়ে দামি ডাইনোসরের জীবাশ্ম। ফলে জোডির অবস্থান দ্বিতীয়। সূত্র: এপি