ভালোবাসার টানে চীন থেকে এসে বাংলাদেশি তরুণীকে বিয়ে
ভাইয়ের কর্মসূত্রে পরিচয়, এরপর বন্ধুত্ব। সেই বন্ধুত্ব ধীরে ধীরে রূপ নেয় প্রেমের সম্পর্কে। আর ভালোবাসার টানে হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে চীন থেকে বাংলাদেশে ছুটে আসেন এক যুবক। অবশেষে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার তরুণী নার্গিস আক্তারকে বিয়ে করেছেন চীনা নাগরিক জ্যাকি চেউং।
দুই দেশের দুই নাগরিকের এই বিয়ে ঘিরে গোয়ালন্দে তৈরি হয়েছে কৌতূহল। বিদেশি জামাইকে দেখতে প্রতিদিনই নার্গিসের বাড়িতে ভিড় করছেন স্থানীয় লোকজন।
পরিবার সূত্রে জানা যায়, গত ১ নভেম্বর বাংলাদেশে আসেন জ্যাকি চেউং। এরপর ৩ নভেম্বর আদালতের মাধ্যমে তাঁদের বিয়ে সম্পন্ন হয়। পরে ১৩ নভেম্বর পারিবারিক ও সামাজিক আয়োজনে মুসলিম রীতি অনুযায়ী বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। দুই পরিবারের সম্মতিতেই এ বিয়ের আয়োজন করা হয়েছে।
জ্যাকি ও নার্গিসের পরিচয়ের শুরুটা হয় নার্গিসের ভাই সিরাজুল ইসলামের মাধ্যমে। তিনি ঢাকায় একটি চীনা প্রতিষ্ঠানে চাকরি করতেন। একই প্রতিষ্ঠানে কাজ করতেন জ্যাকি চেউং। কর্মক্ষেত্রে তাঁদের মধ্যে পরিচয় ও বন্ধুত্ব গড়ে ওঠে। একপর্যায়ে জ্যাকি বাংলাদেশে বিয়ে করার আগ্রহ প্রকাশ করলে সিরাজুল ইসলাম তাঁর বোন নার্গিসের সঙ্গে পরিচয় করিয়ে দেন।
পরে জ্যাকি চীনে ফিরে গেলেও নার্গিসের সঙ্গে তাঁর যোগাযোগ অব্যাহত থাকে। মুঠোফোন ও অনলাইনে নিয়মিত কথাবার্তার মধ্য দিয়ে একে অপরকে জানার সুযোগ পান তাঁরা। প্রায় তিন থেকে চার মাসের পরিচয় ও কথোপকথনের একপর্যায়ে তাঁদের মধ্যে ভালোবাসার সম্পর্ক তৈরি হয়। এরপর দুজনের সম্মতিতে বিয়ের সিদ্ধান্ত নেন তাঁরা। সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করতেই চীন থেকে বাংলাদেশে আসেন জ্যাকি।
জ্যাকি চেউং বলেন, নার্গিসের সঙ্গে পরিচয়ের পর ধীরে ধীরে তাঁর প্রতি ভালো লাগা তৈরি হয়। নিয়মিত কথা বলতে বলতে একসময় তাঁদের মধ্যে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। নার্গিসকে জীবনসঙ্গী হিসেবে পেতে চীন থেকে বাংলাদেশে এসেছেন তিনি। বিয়ে করতে পেরে খুব আনন্দিত। বাংলাদেশে এসে স্ত্রীর পরিবার ও স্বজনদের ভালোবাসা পেয়েও ভালো লাগছে। স্ত্রীকে নিয়ে চীনে ফিরে সুখে-শান্তিতে সংসার করতে চান তিনি।
নার্গিস আক্তার বলেন, ভাইয়ের মাধ্যমে জ্যাকির সঙ্গে পরিচয় হয় তাঁর। প্রথমে সাধারণ কথাবার্তা হলেও ধীরে ধীরে বন্ধুত্ব তৈরি হয়। নিয়মিত কথা বলতে বলতে একসময় দুজন দুজনকে ভালোবেসে ফেলেন। জ্যাকি তাঁকে বিয়ে করতে চীন থেকে বাংলাদেশে আসায় তিনি খুব খুশি। পরিবারের সম্মতিতে তাঁদের বিয়ে হয়েছে। স্বামীর সঙ্গে চীনে গিয়ে নতুন জীবন শুরু করতে চান তিনি।
নার্গিস রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের পূর্ব তেনাপচা আতর আলী চেয়ারম্যান বাজার এলাকার খোয়াজ খার মেয়ে। অন্যদিকে, জ্যাকি চীনের শানডং প্রদেশের ইউনচেং কাউন্টির চেংতুন টাউনের ঝাংঝুয়াং এলাকার বাসিন্দা। তাঁর বাবা ঝাং সিনহাই। জ্যাকি চীনে লরি চালক হিসেবে কাজ করেন। তাঁদের পরিবারের প্রধান জীবিকা কৃষিকাজ।
বিয়ের পর স্ত্রীকে নিয়ে আনন্দে সময় কাটছে জ্যাকির। বাংলাদেশে স্ত্রীর পরিবার ও আত্মীয়স্বজনের সান্নিধ্য উপভোগ করছেন তিনি। প্রয়োজনীয় পাসপোর্ট, ভিসা ও অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন হলে স্ত্রী ও শাশুড়িকে সঙ্গে নিয়ে চীনে ফিরে যাওয়ার পরিকল্পনা রয়েছে তাঁদের।
এদিকে, চীনা নাগরিকের সঙ্গে স্থানীয় তরুণীর বিয়ের খবর ছড়িয়ে পড়ার পর দেবগ্রাম এলাকায় উৎসুক মানুষের ভিড় বাড়ছে। আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের পাশাপাশি দূরদূরান্ত থেকেও অনেকে নবদম্পতিকে দেখতে আসছেন। কেউ জ্যাকির সঙ্গে পরিচিত হচ্ছেন, কেউ আবার ছবি তুলছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ছে তাঁদের বিয়ের খবর ও ছবি।
নার্গিসের মা হাসিনা বেগম, খালা জাহানারা বেগম এবং প্রতিবেশী শরিফা খাতুনের কাছেও বিষয়টি আনন্দের। তাঁদের কাছে ভিন্ন দেশের একজন মানুষের সঙ্গে নার্গিসের নতুন জীবন শুরু করা যেমন ব্যতিক্রমী, তেমনি পরিবারের জন্যও নতুন অভিজ্ঞতা।
উপজেলা সমবায় কর্মকর্তা ও দেবগ্রাম ইউনিয়নের প্রশাসক মুহাম্মদ সাইফুল ইসলাম বলেন, চীনা নাগরিক জ্যাকি চেউং ও বাংলাদেশি তরুণী নার্গিস আক্তারের বিয়ের বিষয়ে তিনি অবগত নন। একই সঙ্গে বিদেশি নাগরিকের সঙ্গে সম্পর্ক বা বিয়ের ক্ষেত্রে প্রতারক চক্র সম্পর্কে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।
তিনি আরও বলেন, এ ধরনের সম্পর্কে জড়ানোর আগে সংশ্লিষ্ট ব্যক্তির পরিচয় ও প্রয়োজনীয় তথ্য যাচাই করে নেওয়া জরুরি।
পরিচয় থেকে বন্ধুত্ব, এরপর প্রেম এবং সবশেষে বিয়ে—এভাবেই নতুন জীবন শুরু করেছেন জ্যাকি ও নার্গিস। এখন প্রয়োজনীয় কাগজপত্র ও আনুষ্ঠানিকতা সম্পন্ন করে স্ত্রী ও শাশুড়িকে নিয়ে চীনে ফেরার অপেক্ষায় রয়েছেন জ্যাকি।