ঢাকা, বুধবার ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩
ঢাবিসহ সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ
এইচএসসি ও সমমান পরীক্ষার পুনর্মূল্যায়নের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়সহ (ঢাবি) দেশের কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা নিতে পারবে না। বুধবার (১৮ নভেম্বর) এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে হাইকোর্ট এ আদেশ দেন।
বিচারপতি আহমেদ সোহেলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশের পাশাপাশি রুল জারি করেন। রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
চলতি বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় ৫ লাখ ৭ হাজারের বেশি শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা এক মাসের মধ্যে ওই বিষয়গুলোতে পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।
তবে পুনর্মূল্যায়ন বা পরবর্তী পরীক্ষার ফল প্রকাশ হতে হতে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ হারানোর আশঙ্কা তৈরি হয়। এ পরিস্থিতিতে ভর্তি পরীক্ষার কার্যক্রম স্থগিত চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়।
প্রসঙ্গত, এ বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমান পরীক্ষায় মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নেন। তাদের মধ্যে ছাত্র ৬ লাখ ২১ হাজার ৯৬৯ জন এবং ছাত্রী ৬ লাখ ৪৮ হাজার ৬১৪ জন। ছাত্রদের তুলনায় ২৬ হাজার ৬৪৫ জন বেশি ছাত্রী এবার পরীক্ষায় অংশ নেন।