ঢাকা, বুধবার ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩
ফরিদপুরে গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়ার চেষ্টা
ফরিদপুরের সালথায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় আগুন দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে সালথা শাখার ভবনের নিচতলায় এ ঘটনা ঘটে। তবে শাখা ব্যবস্থাপক ও কর্মীদের তাৎক্ষণিক তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।
গ্রামীণ ব্যাংক সূত্রে জানা গেছে, সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের দক্ষিণ পাশে ব্যাংকটির শাখা ভবন অবস্থিত। মঙ্গলবার রাতে দুর্বৃত্তরা মশাল ও কেরোসিন ব্যবহার করে ভবনের নিচতলায় আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ করা হয়েছে। এ সময় নিচতলা থেকে ধোঁয়া বের হতে দেখে শাখা ব্যবস্থাপক মো. রাজীব হোসেন ও তার সহকর্মীরা দ্রুত নিচে নেমে আসেন। পরে মোটরের পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলেন তারা। এতে ব্যাংকের তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
শাখা ব্যবস্থাপক মো. রাজীব হোসেন বলেন, রাতে নিজের কক্ষে ঘুমিয়ে ছিলেন তিনি। এ সময় জানালা দিয়ে নিচ থেকে ধোঁয়া আসতে দেখে দ্রুত নিচে নেমে আগুন জ্বলতে দেখেন। পরে সহকর্মীদের নিয়ে মোটরের পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। সকালে বিষয়টি সালথা থানা-পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
খবর পেয়ে সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।