ঢাকা, বুধবার ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩
গণশুনানিতে অভিযুক্ত পাওয়া গেলে গ্রেপ্তার: চিফ প্রসিকিউটর
২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত সারা দেশে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিষয়ে গণশুনানি করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। এ জন্য ইতিমধ্যে সব রাজনৈতিক দলকে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।
বুধবার (২৫ নভেম্বর) সকালে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
চিফ প্রসিকিউটর বলেন, জেলা প্রশাসন ও পুলিশের যৌথ সমন্বয়ে যশোর থেকে গণশুনানি শুরু করবে ট্রাইব্যুনালের প্রসিকিউশন ও তদন্ত সংস্থা। এ বিষয়ে সহযোগিতা করতে সরকার সম্মত হয়েছে। শুনানি চলাকালে কোনো অভিযুক্তকে পাওয়া গেলে তাকে গ্রেপ্তারও করা হবে।
তিনি আরও বলেন, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সারা দেশে তদন্ত কার্যক্রম শুরু করতে যাচ্ছে প্রসিকিউশন। এ কাজে জুলাইয়ের আন্দোলনে আহত ও নিহত ব্যক্তিদের পরিবার এবং রাজনৈতিক দলগুলোর সহযোগিতা কামনা করেন তিনি।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে আমিনুল ইসলাম বলেন, ৫ আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের ঘটনা অপরাধের মধ্যে পড়ে কি না, তা খতিয়ে দেখা হবে।
একই সঙ্গে ৫ আগস্টের পর যারা বিভিন্ন ব্যক্তিকে আশ্রয়-প্রশ্রয় দিয়েছেন বা দেশ থেকে পালাতে সহযোগিতা করেছেন, তাদের প্রচলিত দণ্ডবিধির আওতায় বিচারের সুযোগ রয়েছে বলেও জানান তিনি।
এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বিএনপি নেতা ইলিয়াস আলী ও সুমনের গুমের ঘটনায় তদন্ত দ্রুত শেষ হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর।