ঢাকা, সোমবার ২৩ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩
ট্রাইব্যুনালে হাজির হচ্ছেন এবি পার্টির ফুয়াদ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া নিয়ে ‘বস্তায় বস্তায় কিংবা কোটি কোটি টাকা লেনদেন হচ্ছে’—এমন মন্তব্যের ব্যাখ্যা দিতে ট্রাইব্যুনালে হাজির হচ্ছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।
সোমবার (২৩ নভেম্বর) ট্রাইব্যুনাল-১-এ এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেল শুনানি গ্রহণ করবেন।
এর আগে গত ১ নভেম্বর আদালত অবমাননার অভিযোগে স্বপ্রণোদিত হয়ে ফুয়াদকে তলব করেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে ৪ নভেম্বর সশরীরে হাজির হয়ে তাঁর বক্তব্যের ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়। তবে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে অসুস্থ থাকায় নির্ধারিত দিনে হাজির হতে পারেননি তিনি।
ফুয়াদের আইনজীবীদের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল ২৩ নভেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করেন।
এর আগে ফুয়াদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূঁইয়া, ব্যারিস্টার সানী আবদুল হক ও অ্যাডভোকেট মতিয়ার রহমান। পরে ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূঁইয়া জানান, ডেঙ্গুতে আক্রান্ত হওয়ায় ফুয়াদ আদালতে উপস্থিত হতে পারেননি। এ কারণে সময় আবেদন করা হলে ট্রাইব্যুনাল তা মঞ্জুর করেন।
গত ১ নভেম্বর প্রসিকিউটর গাজী এমএইচ তামিম সাংবাদিকদের জানান, এবি পার্টির একটি অনুষ্ঠানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া নিয়ে বক্তব্য দেন ফুয়াদ। সেখানে তিনি ‘বস্তায় বস্তায় লেনদেন হচ্ছে’ বলে মন্তব্য করেন।
প্রসিকিউটর জানান, ওই বক্তব্য ট্রাইব্যুনালের নজরে আসার পর আদালত স্বপ্রণোদিত হয়ে বিষয়টি আমলে নেন। পরে ফুয়াদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে স্বপ্রণোদিত নোটিশ জারি করেন এবং তাঁকে বক্তব্যের ব্যাখ্যা দিতে হাজির হওয়ার নির্দেশ দেন।