ঢাকা, রোববার ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩
দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত চলছে: প্রসিকিউটর তামিম
দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কার্যক্রম চলমান রয়েছে। দেশব্যাপী তদন্ত পরিচালনার কারণে এ প্রক্রিয়া শেষ হতে আরও কিছু সময় লাগতে পারে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।
রোববার (২২ নভেম্বর) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
প্রসিকিউটর বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে দেশজুড়ে তদন্ত চলছে। বাংলাদেশের ইতিহাসে এ ধরনের মামলা আগে হয়নি। এ কারণে তদন্ত শেষ করতে কিছুটা সময় লাগবে।
সারা দেশে চলমান সহিংসতা এবং দল হিসেবে আওয়ামী লীগের বিচারপ্রক্রিয়ার তদন্তের অগ্রগতি জানতে চাইলে গাজী এমএইচ তামিম বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত করছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। দেশব্যাপী তদন্ত পরিচালনার কারণে এটি শেষ হতে সময় লাগতে পারে।
তিনি আরও বলেন, ইতিমধ্যে ট্রাইব্যুনালের একটি রায়ে আওয়ামী লীগের কয়েকজন নেতার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়েছে। ওই মামলায় দলটি সন্ত্রাসী সংগঠন কি না, সে বিষয়েও অভিযোগ আনা হয়েছিল। আসামিদের দোষী সাব্যস্ত করে ট্রাইব্যুনাল সাজা দিয়েছেন। প্রসিকিউটর তামিমের ভাষ্য, ওই রায়ে আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে উল্লেখ করা হয়েছে।
ওই রায়ের ভিত্তিতে আওয়ামী লীগের বিরুদ্ধে পরবর্তী কোনো পদক্ষেপ নেওয়ার সুযোগ রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, রায়ের পূর্ণাঙ্গ কপি হাতে পাওয়ার পর এ বিষয়ে বিস্তারিত বলা যাবে।
গাজী এমএইচ তামিম আরও জানান, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফের মামলায় দলটির বিরুদ্ধে সন্ত্রাসী সংগঠন হিসেবে একটি অভিযোগ গঠন করা হয়েছিল। সেই অভিযোগ প্রমাণিত হওয়ায় মামলায় আসামিদের সাজা হয়েছে।
আওয়ামী লীগের বিরুদ্ধে চলমান তদন্ত শেষ হতে কত সময় লাগতে পারে, তা এখনই নির্দিষ্ট করে বলা সম্ভব নয় বলেও জানান প্রসিকিউটর।