ঢাকা,  শনিবার   ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

[ আইন-আদালত ]

সুপ্রিম কোর্টে নিরাপত্তা জোরদারে নতুন নির্দেশনা

আদালত প্রতিনিধি
প্রকাশিত: ১২:২৬, ২১ নভেম্বর ২০২৬
সুপ্রিম কোর্টে নিরাপত্তা জোরদারে নতুন নির্দেশনা
সংগৃহীত ছবি

বাংলাদেশ সুপ্রিম কোর্টের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রবেশ ও বহির্গমন গেট নিয়ন্ত্রণ, পরিচয়পত্র যাচাই এবং নিরাপত্তা তল্লাশি জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে।

গত ১৯ নভেম্বর সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের প্রশাসন শাখা থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। প্রধান বিচারপতির আদেশক্রমে বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. হেমায়েত উদ্দিন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতি, আইনজীবী, কর্মকর্তা-কর্মচারী ও বিচারপ্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে আদালত প্রাঙ্গণের প্রবেশ ও বহির্গমন গেট নিয়ন্ত্রণ, পরিচয়পত্র যাচাই এবং প্রবেশপথে নিয়মিত নিরাপত্তা তল্লাশি জোরদার করা প্রয়োজন।

নির্দেশনা অনুযায়ী, সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে প্রবেশ ও বের হওয়ার জন্য শুধু মাজার গেট এবং বার কাউন্সিল ভবনসংলগ্ন আউটার গেট ব্যবহার করতে হবে। ন্যায় সরণি গেট দিয়ে শুধু আদালত প্রাঙ্গণ থেকে বের হওয়া যাবে। এ গেট দিয়ে ভেতরে প্রবেশ করা যাবে না।

এ ছাড়া প্রশাসনিক জামে মসজিদসংলগ্ন গেট সার্বক্ষণিক বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে প্রবেশের সময় আইনজীবী, কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের নিজ নিজ পরিচয়পত্র অথবা জাতীয় পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে। প্রবেশপথে দায়িত্বপ্রাপ্ত নিরাপত্তাকর্মীরা চাইলে তা দেখাতে হবে।

পাশাপাশি নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনে প্রবেশপথে আগত ব্যক্তিদের তল্লাশি করতে পারবে।

নির্দেশনায় সংশ্লিষ্ট সবাইকে নিয়মগুলো মেনে চলার পাশাপাশি নিরাপত্তা কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতা করার অনুরোধ জানানো হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট কর্মকর্তা, বাংলাদেশ বার কাউন্সিল ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে বিজ্ঞপ্তির অনুলিপি পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!