ঢাকা,  শনিবার   ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

[ রাজধানী ]

খিলগাঁওয়ে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১২:১৪, ২১ নভেম্বর ২০২৬
খিলগাঁওয়ে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
ছবি: সংগৃহীত

রাজধানীর খিলগাঁওয়ের নাগদারপাড় এলাকায় চোর সন্দেহে মোস্তফা (২৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (২১ নভেম্বর) সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) অনয় চন্দ্র পাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ভোরে খবর পেয়ে নাগদারপাড় এলাকার ইকো পেট্রোল পাম্পের সামনে ওই যুবককে মুমূর্ষু অবস্থায় পাওয়া যায়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এসআই অনয় চন্দ্র পাল আরও জানান, প্রাথমিকভাবে জানা গেছে, ভোরের দিকে মোস্তফা একটি ওয়ার্কশপের টিনশেডের ওপর থেকে নিচে পড়ে যান। এরপর চোর সন্দেহে ওয়ার্কশপের কর্মচারীরা তাকে মারধর করেন। এতে তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আরও তদন্ত চলছে।

নিহত মোস্তফা খিলগাঁওয়ের নন্দীপাড়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম নিয়ামত আলী।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!