ঢাকা,  বৃহস্পতিবার   ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

[ রাজধানী ]

টানা বৃষ্টিতে ভোগান্তিতে রাজধানীবাসী

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৫:২৯, ১৯ নভেম্বর ২০২৬
টানা বৃষ্টিতে ভোগান্তিতে রাজধানীবাসী
সংগৃহীত ছবি

রাজধানী ঢাকায় ভোর থেকে শুরু হওয়া বৃষ্টি দুপুর পর্যন্ত অব্যাহত থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। বিশেষ করে অফিস ও স্কুলগামী মানুষকে পড়তে হয়েছে বেশি বিপাকে। বৃষ্টির কারণে স্বাভাবিক চলাচল ব্যাহত হওয়ায় নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে পারেননি অনেকে। জরুরি কাজে বাইরে বের হওয়া মানুষও পড়েছেন বিড়ম্বনায়।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে। ভোর থেকেই থেমে থেমে বৃষ্টি হলেও সকাল বাড়ার সঙ্গে সঙ্গে এর তীব্রতা বাড়ে। বৃষ্টি থেকে বাঁচতে কেউ ছাতা, কেউ রেইনকোট ব্যবহার করেন। আবার অনেকে বাসা ও বিভিন্ন প্রতিষ্ঠানের সামনে আশ্রয় নেন।

বৃষ্টিতে ভিজে গন্তব্যে ছুটছেন শিক্ষার্থীরা। ছবি: বিপ্লব দিক্ষিৎ

রামপুরা এলাকায় সকালে অফিসগামী মানুষের ভিড় থাকলেও বৃষ্টির কারণে স্বাভাবিক চলাচলে বিঘ্ন ঘটে। গণপরিবহনের অপেক্ষায় যাত্রীদের দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে দেখা যায়। কেউ কেউ বৃষ্টিতে ভিজেই গন্তব্যের উদ্দেশে রওনা হন।

রামপুরার বাসিন্দা বেসরকারি চাকরিজীবী আব্দুর রাজ্জাক বলেন, সকালে অফিসে যাওয়ার জন্য বের হলেও বৃষ্টির কারণে ঠিকমতো গাড়ি পাওয়া যাচ্ছিল না। বৃষ্টি ও সড়কে যানবাহনের চাপ—দুই কারণে ভোগান্তিতে পড়তে হয়েছে। অন্য দিনের তুলনায় অফিসে পৌঁছাতে অনেক বেশি সময় লেগেছে।

খিলগাঁও এলাকাতেও একই চিত্র দেখা গেছে। বৃষ্টির মধ্যে স্কুলগামী শিক্ষার্থী ও অভিভাবকদের চলাচল করতে হয়েছে। অনেক অভিভাবক সন্তানদের নিয়ে বৃষ্টির মধ্যেই স্কুলে যান।

বৃষ্টিতে ভিজে গন্তব্যে ছুটছেন এক সবজি বিক্রেতা। ছবি: বিপ্লব দিক্ষিৎ

খিলগাঁওয়ের বাসিন্দা আমেনা খাতুন বলেন, ছেলের বার্ষিক পরীক্ষা চলছে। তাই স্কুলে যাওয়া ছাড়া উপায় নেই। পরীক্ষা না থাকলে আজ ছেলেকে স্কুলে আনতেন না। ভোর থেকে টানা বৃষ্টি হওয়ায় শিশুদের নিয়ে চলাচল করতে বেশ কষ্ট হচ্ছে।

মালিবাগ এলাকায়ও কর্মজীবী মানুষ ও সাধারণ যাত্রীদের ভোগান্তি ছিল চোখে পড়ার মতো। বৃষ্টির কারণে সড়কে যানবাহনের গতি কমে যায়। কোথাও কোথাও যানবাহনের অপেক্ষায় দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে দেখা যায় যাত্রীদের।

মালিবাগের বাসিন্দা ফেরদৌসী রহমান বলেন, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। জরুরি কাজে বের হতে হয়েছে। কিন্তু বৃষ্টির কারণে রাস্তায় চলাচল করাই কঠিন হয়ে পড়েছে। ছাতা থাকলেও বৃষ্টি থেকে ঠিকমতো রক্ষা পাওয়া যাচ্ছে না।

মতিঝিল এলাকায় অফিসগামী মানুষের ভোগান্তি ছিল বেশি। বৃষ্টিতে ভিজে অনেককে অফিসে যেতে দেখা যায়। কেউ কেউ নির্ধারিত সময়ে কর্মস্থলে পৌঁছাতে না পেরে দেরিতে অফিসে প্রবেশ করেন।

মতিঝিলের একটি বিমা কোম্পানির কর্মকর্তা মো. নাসিম বলেন, সকাল থেকে বৃষ্টি হওয়ায় বাসা থেকে বের হতে দেরি হয়েছে। এরপর রাস্তায় গাড়ি পেতেও সমস্যা হয়েছে। অফিসের সময় ঠিক রাখতে চাইলেও আবহাওয়ার কারণে তা সম্ভব হয়নি।

তিনি আরও বলেন, বৃষ্টির মধ্যে প্রায় ২০ মিনিট ছোটাছুটি করার পর একটি রিকশা পেয়েছেন। চালক প্রায় দ্বিগুণ ভাড়া নিয়েছেন। পরে বৃষ্টিতে ভিজেই অফিসে পৌঁছেছেন। অফিসে না গেলে বেতন কাটা যাবে, তাই ভোগান্তি সত্ত্বেও আসতে হয়েছে।

এদিকে প্রয়োজনীয় কাজে বাইরে বের হওয়া সাধারণ মানুষও দুর্ভোগে পড়েছেন। বৃষ্টির কারণে পথচারীদের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। বিশেষ করে গণপরিবহনের ওপর নির্ভরশীল ব্যক্তিদের ভোগান্তি বেশি।

রামপুরা এলাকার মিলন নামের এক পথচারী বলেন, ব্যক্তিগত কাজে বাইরে বের হয়েছিলেন। ভেবেছিলেন কিছুক্ষণের মধ্যে বৃষ্টি থেমে যাবে। কিন্তু দুপুর পর্যন্ত বৃষ্টি চলতে থাকায় প্রয়োজনীয় কাজ শেষ করতেও দেরি হচ্ছে।

খিলগাঁও তালতলা এলাকায় গৃহিণী রাবেয়া আক্তার বলেন, জরুরি কিছু কেনাকাটা করতে হবে বলে অনেকক্ষণ বাসায় অপেক্ষা করেছেন। কিন্তু বৃষ্টি না থামায় শেষ পর্যন্ত বৃষ্টির মধ্যেই বের হয়েছেন। এখন বৃষ্টিতে ভিজে ঠান্ডা লাগার আশঙ্কা করছেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!