ঢাকা,  বৃহস্পতিবার   ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

[ জাতীয় ]

সহিংসতা ও নাশকতাকারীদের কড়া হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:১৬, ১৯ নভেম্বর ২০২৬
সহিংসতা ও নাশকতাকারীদের কড়া হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর
ছবি: সংগৃহীত

দেশে সহিংসতা, নৈরাজ্য ও নাশকতাকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ‘এনাফ ইজ এনাফ, যথেষ্ট হয়েছে, আর নয়। তাদের সমুচিত জবাব দিতে হবে।’

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) লালমনিরহাটে মহেন্দ্রনগর পানি নিষ্কাশন খালের পুনঃখনন কাজের উদ্বোধন শেষে আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষ আর গুম-খুনের রাজনীতি চায় না। তারা এখন নিরাপত্তা চায়। দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে গণতান্ত্রিক সব দলকে ঐক্যবদ্ধ হতে হবে। ২০২৪ সালের মতো আবারও ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে।

তিনি বলেন, জনগণ ও দেশের ভাগ্য নিয়ে কেউ যাতে ছিনিমিনি খেলতে না পারে, সে জন্য সন্ত্রাস ও হত্যার রাজনীতির বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে।

তারেক রহমান বলেন, দেশ যখন উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে, তখন দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। ১৬ বছর ধরে যারা জনগণের দিকে বন্দুক তাক করে ক্ষমতায় ছিল, তারা আবারও ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।

তিনি আরও বলেন, যে দেশে তারা পালিয়ে গেছে, সেই দেশই তাদের প্রভু। প্রভুদের খুশি করতেই তারা আবারও ষড়যন্ত্র করছে। ছাত্র-জনতা জীবন দিয়ে যে অধিকার প্রতিষ্ঠা করেছিল, ষড়যন্ত্রকারীরা সেই অধিকার কেড়ে নিতে চায়। পালিয়ে গিয়েও তারা অগ্নিসন্ত্রাস ও হত্যাকাণ্ড চালাচ্ছে বলে অভিযোগ করেন প্রধানমন্ত্রী।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!