ঢাকা, বৃহস্পতিবার ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩
ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে ৫ দিন বৃষ্টির পূর্বাভাস
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে দেশের প্রায় ৯০ থেকে ৯৫ শতাংশ এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী পাঁচ দিন পর্যায়ক্রমে দেশের বিভিন্ন অঞ্চলে এ বৃষ্টি হতে পারে। এর প্রভাবে তাপমাত্রা কমে আবহাওয়া শীতল হয়ে উঠতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সংস্থাটির পক্ষ থেকে এ পূর্বাভাস জানানো হয়। এতে বলা হয়েছে, বৃহস্পতিবার থেকে শুরু হয়ে আগামী সোমবার পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি বলয়টি সক্রিয় থাকবে। এর সর্বোচ্চ সক্রিয়তা দেখা যেতে পারে ২০ ও ২১ নভেম্বর। ইতোমধ্যে উপকূলীয় এলাকাসহ দেশের কিছু স্থানে বৃষ্টি শুরু হয়েছে।
বিডব্লিউওটির পূর্বাভাস অনুযায়ী, প্রথমে দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টি শুরু হবে। পরে তা পর্যায়ক্রমে অন্যান্য অঞ্চলে ছড়িয়ে পড়বে। খুলনা ও ঢাকা বিভাগের অধিকাংশ এলাকায় বৃষ্টির সক্রিয়তা বেশি থাকতে পারে। এছাড়া রাজশাহী, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের অনেক এলাকায় উল্লেখযোগ্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে, রংপুর, সিলেট ও চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় মাঝারি মাত্রায় বৃষ্টি হতে পারে। তবে দক্ষিণ চট্টগ্রামের কিছু এলাকায় বৃষ্টির প্রভাব তুলনামূলক কম থাকতে পারে।
বজ্রপাত ও দমকা হাওয়ার সম্ভাবনা
বিডব্লিউওটি জানিয়েছে, এই বৃষ্টি বলয়ের সময় কালবৈশাখী ঝড় বা শিলাবৃষ্টির আশঙ্কা নেই। তবে দেশের অধিকাংশ স্থানে দমকা বা মাঝারি বাতাসের পাশাপাশি হালকা থেকে মাঝারি বজ্রপাত হতে পারে।
ঘূর্ণিঝড় আকভানের দূরবর্তী প্রভাব এবং বায়ুচাপের তারতম্যের কারণে উত্তর বঙ্গোপসাগর মাঝারি থেকে উত্তাল থাকতে পারে। এ সময় দেশের আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে। বৃষ্টির প্রভাব বেশি এমন এলাকায় একটানা বৃষ্টিও হতে পারে। ভারী বৃষ্টিতে দেশের নিচু এলাকায় সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। তবে পাহাড়ি ঢল বা পাহাড়ধসের আশঙ্কা নেই বলে জানিয়েছে সংস্থাটি।
বিভাগভিত্তিক বৃষ্টির পূর্বাভাস
বিডব্লিউওটির পূর্বাভাস অনুযায়ী, আগামী পাঁচ দিনে ঢাকায় ১৪০ থেকে ১৬০ মিলিমিটার, খুলনায় ১৫০ থেকে ১৮০ মিলিমিটার, রাজশাহীতে ১০০ থেকে ১৫০ মিলিমিটার এবং বরিশালে ৮০ থেকে ১০০ মিলিমিটার বৃষ্টি হতে পারে।
এ ছাড়া ময়মনসিংহে ৬০ থেকে ৮০ মিলিমিটার, সিলেটে ৫০ থেকে ৭০ মিলিমিটার, চট্টগ্রামে ২০ থেকে ১০০ মিলিমিটার এবং রংপুরে ৩০ থেকে ৭৯ মিলিমিটার বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
সংস্থাটির দাবি, এই বৃষ্টির ফলে দেশের প্রায় ৬০ থেকে ৭০ শতাংশ এলাকার কৃষিজমির সেচের চাহিদা পূরণ হতে পারে।
জেলাভিত্তিক পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা বিভাগের ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, যশোর ও মাগুরায় তুলনামূলক বেশি বৃষ্টি হতে পারে। ঢাকা বিভাগের রাজবাড়ী, মাদারীপুর, ফরিদপুর ও গোপালগঞ্জ এবং রাজশাহী বিভাগের পাবনা ও নাটোরেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এ ছাড়া ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা, দিঘা, বর্ধমান, আসানসোল, বহরমপুর ও ২৪ পরগনার বিভিন্ন এলাকায়ও উল্লেখযোগ্য বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বিডব্লিউওটি।
তাপমাত্রা কমে বাড়তে পারে শীতের অনুভূতি
বিডব্লিউওটি আরও জানিয়েছে, টানা বৃষ্টি ও মেঘাচ্ছন্ন আবহাওয়ার কারণে দেশের তাপমাত্রা দ্রুত কমে যেতে পারে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধানও কমে আসার সম্ভাবনা রয়েছে। এতে চলতি মৌসুমের স্বাভাবিক আবহাওয়ার তুলনায় বেশি শীত অনুভূত হতে পারে।
আবহাওয়ার আকস্মিক পরিবর্তনে শিশু ও বয়স্কদের বাড়তি সতর্ক থাকার পরামর্শ দিয়েছে সংস্থাটি। এ দুই বয়সী মানুষের সর্দি-কাশি, জ্বর ও ঠান্ডাজনিত সমস্যায় আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকায় তাদের প্রতি বিশেষ যত্ন নেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় গরম কাপড় প্রস্তুত রাখার পরামর্শ দেওয়া হয়েছে।