ঢাকা, বৃহস্পতিবার ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩
গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গড়গড়িয়া মাস্টারবাড়ী ও আনসার রোডসহ কয়েকটি স্থানে অবরোধ করেছেন শ্রমিকরা। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে কারখানায় কাজে যোগ না দিয়ে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেন শ্রমিকরা।
শ্রমিক ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, সকালে গাজীপুর সদর ও শ্রীপুর উপজেলার বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা কর্মস্থলে যান। তবে কারখানায় প্রবেশ করলেও কাজে যোগ না দিয়ে ভেতরে অবস্থান করতে থাকেন তারা। একপর্যায়ে শ্রমিকরা মহাসড়কের বিভিন্ন স্থানে অবরোধ সৃষ্টি করেন।
এ সময় মহাসড়কে টায়ার জ্বালিয়ে আগুন দেন বিক্ষুব্ধ শ্রমিকরা। এতে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।
পরিস্থিতি বিবেচনায় আশপাশের কয়েকটি কারখানা কর্তৃপক্ষ আজকের জন্য ছুটি ঘোষণা করে। পরে পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। তবে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অবরোধ অব্যাহত রয়েছে। যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছে পুলিশ।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে।