ঢাকা,  বৃহস্পতিবার   ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

নওগাঁ বিসিক শিল্পনগরীতে বন্ধ ও রুগ্ন কারখানা চালুর উদ্যোগ

নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ১২:১৫, ১৯ নভেম্বর ২০২৬
নওগাঁ বিসিক শিল্পনগরীতে বন্ধ ও রুগ্ন কারখানা চালুর উদ্যোগ
নওগাঁ বিসিক শিল্পনগরীতে বন্ধ ও রুগ্ন কারখানা চালুর উদ্যোগ, পরিদর্শনে ইউএনও। ছবি: ডেইলি বাংলাদেশ

নওগাঁ বিসিক শিল্পনগরীতে বন্ধ ও রুগ্ন শিল্পকারখানা পুনরায় চালু এবং সচল শিল্পপ্রতিষ্ঠানগুলোর বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে গঠিত কমিটির সদস্যদের নিয়ে শিল্পনগরী পরিদর্শন করেছেন নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নূরুল আমিন।

গত মঙ্গলবার (১৭ নভেম্বর) বিসিক শিল্পনগরী, নওগাঁ পরিদর্শনকালে তিনি বন্ধ ও রুগ্ন শিল্পকারখানাসহ বিভিন্ন শিল্প ইউনিট ঘুরে দেখেন। এ সময় শিল্পপ্রতিষ্ঠানের মালিকদের সঙ্গে কথা বলে তাঁদের বিভিন্ন সমস্যা ও প্রতিবন্ধকতার কথা শোনেন। পাশাপাশি বন্ধ ও রুগ্ন কারখানাগুলো পুনরায় চালুর বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ দেন।

বিসিক শিল্পনগরী, নওগাঁর প্লট বরাদ্দ ও ব্যবস্থাপনা কমিটির ৩৮তম সভার সিদ্ধান্তের আলোকে বন্ধ ও রুগ্ন শিল্পকারখানা চালুকরণ এবং বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের সমস্যা চিহ্নিত করে তা থেকে উত্তরণের উপায় নির্ধারণে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে আহ্বায়ক করে একটি কমিটি গঠন করা হয়। ওই কমিটির কার্যক্রমের অংশ হিসেবে এ পরিদর্শন করা হয়।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বিসিক জেলা কার্যালয়, নওগাঁর উপব্যবস্থাপক শামীম আক্তার মামুন, শিল্পনগরী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, বিসিক জেলা কার্যালয়ের প্রমোশন অফিসার মো. ওয়ায়েস কুরুনী এবং বিসিক শিল্পনগরী, নওগাঁর শিল্প মালিক সমিতির সহ-সভাপতি মো. মশিউর রহমান।

পরিদর্শনের সময় শিল্পপ্রতিষ্ঠানগুলোর বিদ্যমান সমস্যা পর্যালোচনা এবং সেগুলো সমাধানের মাধ্যমে বন্ধ ও রুগ্ন কারখানাগুলো পুনরায় উৎপাদনে ফিরিয়ে আনার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
 

ডেইলি-বাংলাদেশ/নওগাঁ
লিংক সফলভাবে কপি হয়েছে!