ঢাকা,  শনিবার   ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

পুতিনকে ‘খুনি’ বললেন জেলেনস্কি, ট্রাম্পের কাছে তিনি ‘বন্ধু’

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১২:১৮, ২১ নভেম্বর ২০২৬
পুতিনকে ‘খুনি’ বললেন জেলেনস্কি, ট্রাম্পের কাছে তিনি ‘বন্ধু’
ফাইল ছবি

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘বন্ধু’ হিসেবে অভিহিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর এক দিন পরই পুতিনকে ‘খুনি’ বলে আখ্যা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

ট্রাম্পের এমন মন্তব্য নিয়ে এক প্রশ্নের জবাবে শুক্রবার সিএনএনকে জেলেনস্কি বলেন, ‘আমাদের কাছে তিনি একজন শত্রু এবং অবশ্যই একজন খুনি। আমার মনে হয়, বিশ্বের অধিকাংশ মানুষের কাছেও তিনি একজন খুনি।’

গত বুধবার চীনে ট্রাম্প ও পুতিন বৈঠক করেন। ২০২৫ সালের আগস্টের পর এটিই ছিল তাদের প্রথম সাক্ষাৎ। বৈঠকে ট্রাম্প পুতিনকে ‘বন্ধু’ বলে সম্বোধন করেন। জবাবে রুশ প্রেসিডেন্ট ইংরেজিতে বলেন, ‘আপনার সঙ্গে দেখা হয়ে ভালো লাগল।’

শুক্রবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের সঙ্গে নিজের সুসম্পর্কের কথা তুলে ধরেন ট্রাম্প। তিনি বলেন, ‘পুতিনের সঙ্গে আমার দারুণ সম্পর্ক রয়েছে। এটি খুবই ভালো বিষয়। প্রেসিডেন্ট শির সঙ্গেও আমার দারুণ সম্পর্ক রয়েছে। আর এর কারণেই আমাদের দেশ নিরাপদ আছে।’

পুতিনকে যুক্তরাষ্ট্রের বন্ধু মনে করেন কি না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমি যুক্তরাষ্ট্রের হয়ে কথা বলতে পারব না। তবে আমাদের মধ্যে খুব ভালো সম্পর্ক রয়েছে, যা আমাদের বাড়তি শক্তি জোগায়।’

উল্লেখ্য, ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সর্বাত্মক সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এরপর থেকে চলমান যুদ্ধে কয়েক লাখ মানুষ নিহত হয়েছেন বলে ধারণা করা হয়।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শাসনামলে ইউক্রেনের প্রধান সমর্থক ছিল ওয়াশিংটন। তবে ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফেরার পর ইউক্রেনের জন্য মার্কিন সামরিক সহায়তা উল্লেখযোগ্যভাবে কমেছে। একই সময়ে রাশিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র। নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও রাশিয়া থেকে ডিজেল আমদানি করেছে দেশটি।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় শান্তি প্রক্রিয়াও চলছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!