ঢাকা, শনিবার ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩
পেরুতে ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, পাহাড়ে ভূমিধস
দক্ষিণ আমেরিকার দেশ পেরুর মধ্যাঞ্চলে ৬ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে ভূমিকম্পের তীব্র কম্পনে বিভিন্ন এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
শুক্রবার (২০ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৯ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। পেরুর ভূ-পদার্থবিজ্ঞান ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, এর উৎপত্তিস্থল ছিল জুনিন শহরের ৩০ কিলোমিটার উত্তর-পশ্চিমে। ভূপৃষ্ঠ থেকে ১২৯ কিলোমিটার গভীরে ছিল এর কেন্দ্র।
দেশটির জাতীয় জরুরি কার্যক্রম কেন্দ্র (কোয়েন) জানিয়েছে, বিভিন্ন এলাকায় ভূমিকম্পের কম্পন মাঝারি থেকে তীব্রভাবে অনুভূত হয়েছে। রাজধানী লিমা ছাড়াও হুয়ানুকো ও কায়াও অঞ্চলে কম্পন অনুভূত হয়।
স্থানীয় টেলিভিশন চ্যানেলের সম্প্রচার এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে দেখা যায়, ভূমিকম্পের সময় আতঙ্কিত বাসিন্দারা বাড়িঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন।
পেরুর ভূ-পদার্থবিজ্ঞান ইনস্টিটিউটের প্রেসিডেন্ট হার্নান্দো তাভেরা বার্তা সংস্থা এএফপিকে বলেন, ভূমিকম্পের ঝাঁকুনি বেশ তীব্র ছিল। এতে পাহাড়ি ঢালে ভূমিধস ও পাথরধসের ঘটনা ঘটেছে।
এর আগে গত জুলাইয়ে জুনিন অঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্পে ছয়জন নিহত ও ৩২ জন আহত হন। ওই ভূমিকম্পে ৫২টি বাড়িঘরও ধ্বংস হয়েছিল।