ঢাকা, বৃহস্পতিবার ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩
অর্থ পাচারের মামলায় জাবেদসহ ১৭ জনের সাজা
২৫ কোটি টাকা আত্মসাৎ করে হুন্ডির মাধ্যমে বিদেশে পাচারের মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ কোটি টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান এ রায় ঘোষণা করেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) কৌঁসুলি মোকাররম হোসাইন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
এ মামলায় জাবেদের স্ত্রী ও ইউসিবিএলের সাবেক চেয়ারম্যান রুকমীলা জামানসহ ১৬ জনকে ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। অর্থাৎ, মোট ১৭ জনের সাজা হয়েছে। অন্যদিকে, অভিযোগ প্রমাণের জন্য পর্যাপ্ত তথ্য-প্রমাণ না থাকায় বাকি ১৯ আসামিকে খালাস দিয়েছেন আদালত।
১০ বছর করে সাজাপ্রাপ্ত অন্য আসামিরা হলেন—রুকমীলা জামান, মোহাম্মদ একরাম উল্লাহ, আবদুল হামিদ চৌধুরী, মোহাম্মদ মিছবাহুল আলম, আবদুল আজিজ, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মোহাম্মদ হোছাইন চৌধুরী, ইয়াছিনুর রহমান, ইউছুফ চৌধুরী, সাইফুল ইসলাম, বজল আহমেদ বাবুল, এম এ সবুর, সাবেক পরিচালক বশির আহমেদ, সৈয়দ কামরুজ্জামান, শাহ আলম ও এজিএম উৎপল পাল।
মামলার অভিযোগপত্রে বলা হয়, আরামিট গ্রুপের প্রটোকল অফিসার ফরমান উল্লাহ চৌধুরীকে নামসর্বস্ব একটি প্রতিষ্ঠানের মালিক সাজিয়ে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবিএল) থেকে ২৫ কোটি টাকা ঋণ অনুমোদন করানো হয়। পরে জাবেদ তার কর্মচারীদের মাধ্যমে ওই অর্থ তুলে নেন।
অভিযোগ অনুযায়ী, পরে হুন্ডির মাধ্যমে ওই টাকা বিদেশে পাচার করা হয় এবং সেখানে সম্পত্তি কেনা হয়। ২০১৯ সালের ১৩ অক্টোবর থেকে ২০২০ সালের ১৩ ফেব্রুয়ারির মধ্যে এসব ঘটনা ঘটে বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।
এ মামলায় চলতি বছরের ৫ জানুয়ারি আদালতে অভিযোগপত্র জমা দেয় দুদক। সংস্থাটির প্রধান কার্যালয়ের উপপরিচালক ও মামলার তদন্ত কর্মকর্তা মো. মশিউর রহমান চট্টগ্রাম মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
অভিযোগপত্রে সাবেক ভূমিমন্ত্রী জাবেদ, তার স্ত্রী রুকমীলা জামান, ইউসিবিএলের সাবেক পরিচালক ও কর্মকর্তা এবং আরামিট গ্রুপের কর্মকর্তা-কর্মচারীসহ মোট ৩৬ জনকে আসামি করা হয়।