ঢাকা, বৃহস্পতিবার ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩
নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউনে অচল গোপালগঞ্জ,থানা ও এমপির বাড়িতে আগুন
আট দফা দাবিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে সহিংসতায় উত্তপ্ত হয়ে উঠেছে গোপালগঞ্জ। জেলার মুকসুদপুর থানায় এবং গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
এ ছাড়া বিভিন্ন ঘরবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানেও হামলা চালানো হয়েছে। ঢাকা-খুলনা মহাসড়কসহ জেলার অভ্যন্তরীণ সড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দিয়েছেন নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোর থেকেই জেলার বিভিন্ন স্থানে সড়কে গাছের গুঁড়ি ফেলে ও আগুন জ্বালিয়ে অবরোধ শুরু করেন তাঁরা। শহরের বিভিন্ন সড়কেও ব্যারিকেড দিয়ে আগুন জ্বালানো হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জেলা সদর ও বিভিন্ন উপজেলা থেকে লগি-বৈঠা ও দেশীয় অস্ত্র হাতে নেতাকর্মীরা শহরের দিকে আসতে থাকেন। বেলা ১১টার পর বিভিন্ন সড়কে তাঁদের বিক্ষোভ ও মিছিল ছড়িয়ে পড়ে।
সকাল সাড়ে ১১টার দিকে কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের মাঝিগাতী গ্রামে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এর কিছুক্ষণ পর মুকসুদপুর থানায় হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। এ সময় থানার ভেতরে থাকা কয়েকটি গাড়িতেও আগুন দেওয়া হয়। হামলার সময় থানায় অবস্থানরত পুলিশ সদস্যরা স্থান ত্যাগ করেন বলে জানা গেছে।
জেলা প্রশাসকের কার্যালয় ও পুলিশ সুপারের কার্যালয়সহ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা ছাড়া জেলার বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি তেমন দেখা যায়নি।
এদিকে সকাল থেকেই গোপালগঞ্জে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি উপেক্ষা করে জেলা সদরসহ সব উপজেলা সদরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মীকে লগি-বৈঠা ও দেশীয় অস্ত্র হাতে বিক্ষোভ করতে দেখা গেছে। তাঁদের মিছিল ও সড়ক অবরোধের কারণে জেলার অভ্যন্তরীণ যোগাযোগব্যবস্থা কার্যত অচল হয়ে পড়েছে।
লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে একের পর এক হামলা, অগ্নিসংযোগ ও সড়ক অবরোধের ঘটনায় পুরো জেলাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।