ঢাকা, বৃহস্পতিবার ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩
সিরাজগঞ্জে আওয়ামী লীগ কার্যালয় ও সাবেক এমপির বাড়িতে আগুন
সিরাজগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা কার্যালয় ও দলটির সাবেক সংসদ সদস্য (এমপি) হাবিবে মিল্লাত মুন্নার বাড়িতে বুধবার সন্ধ্যায় আগুন দেওয়া হয়। তাছাড়া একই দিন বিকেলে আওয়ামী লীগের অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, ঘটনাকালীন সময়ে ছাত্রদলের কিছু নেতা-কর্মীকে দেখা গেছে। পরে সন্ধ্যার দিকে সাবেক এমপি হাবিবে মিল্লাত মুন্নার বাড়িতেও আগুন দেওয়া হয়। এ দুটি ঘটনার ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
এদিকে আওয়ামী লীগের ঘোষিত ১৯ নভেম্বরের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা ও বিশৃঙ্খলা ঠেকাতে সিরাজগঞ্জে মোটরসাইকেল শোডাউন করেছে বিএনপি।
আগুন দেওয়ার ঘটনা ও সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানতে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
এ বিষয়ে সদর থানার দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মর্জিনা বলেন, ওসি স্যারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এখনো বাইরে রয়েছেন। কেউ হতাহত হয়েছেন কি না কিংবা অন্য কোনো ঘটনার তথ্য আমাদের কাছে নেই।