ঢাকা, রোববার ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩
ঝিনাইগাতীতে শেষ হলো তিন দিনব্যাপী ওয়ানগালা উৎসব
শস্যদেবতা মিসি সালজংয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ, নতুন ফসল ঘরে তোলার আনন্দ আর শত বছরের ঐতিহ্যকে ধারণ করে শেরপুরের ঝিনাইগাতীতে শেষ হয়েছে গারো সম্প্রদায়ের অন্যতম বৃহৎ সামাজিক ও সাংস্কৃতিক উৎসব ওয়ানগালা। নাচ-গান, ঐতিহ্যবাহী পোশাক, নানা আচার-অনুষ্ঠান, খেলাধুলা ও সাংস্কৃতিক পরিবেশনায় তিন দিন ধরে মুখর ছিল উপজেলার মরিয়মনগর উচ্চবিদ্যালয় মাঠ। আজ রোববার (২২ নভেম্বর) এ উৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি হয়।
মরিয়মনগর ক্রিশ্চিয়ান মিশনের উদ্যোগে আয়োজিত এ উৎসব শুরু হয় গত শুক্রবার বেলা ১১টায়। উদ্বোধন করেন ঢাকা মহা ধর্মপ্রদেশের মহামান্য আর্চবিশপ বিজয় এন.ডি, ক্রুশ, ওএমআই।
উৎসবের দ্বিতীয় দিন গতকাল শনিবার সন্ধ্যায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মরিয়মনগর মিশনের পালপুরোহিত ফাদার লরেন্স রিবেরু। বক্তব্য দেন ঢাকা মহা ধর্মপ্রদেশের মহামান্য আর্চবিশপ বিজয় এন.ডি, ক্রুশ, ওএমআই, উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ মো. শাহজাহান আকন্দ ও সদস্যসচিব মো. লুৎফর রহমান।
আয়োজক সূত্রে জানা গেছে, তিন দিনের উৎসবে ছিল শিশু-কিশোরদের গারো ভাষায় ছড়া আবৃত্তি, গান, নাচ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা। এ ছাড়া মিস ওয়ানগালা প্রতিযোগিতা, ঐতিহ্যবাহী খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, গারো শিল্পীদের ব্যান্ড সংগীত পরিবেশনা এবং পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়। উৎসবের অন্যতম আকর্ষণ ছিল গারো সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ধর্মীয় ও সামাজিক আচার-অনুষ্ঠান। এর মধ্যে ছিল মান্দি ভাষায় বাণী পাঠ, খামালকে খুখুব ও থক্কা প্রদান, পবিত্র খ্রিস্টযাগ, প্রার্থনা এবং নকগাথা অনুষ্ঠান। শেষ দিনে গারো সম্প্রদায়ের সনাতনী সাংসারিক ধর্মবিশ্বাস অনুযায়ী ফসল কর্তনের প্রার্থনা বা থক্কা অনুষ্ঠিত হয়।
উৎসবকে ঘিরে বিদ্যালয় মাঠে বসে অস্থায়ী মেলা। সেখানে ঐতিহ্যবাহী পোশাক, খাবার, লশিশুদের খেলনাসহ বিভিন্ন সামগ্রীর পসরা সাজিয়ে বসেন দোকানিরা। মেলায় ভিড় করেন স্থানীয় গারো সম্প্রদায়ের মানুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার দর্শনার্থীরা।
গারো সম্প্রদায়ের কাছে ওয়ানগালা কেবল আনন্দ-উৎসব নয়, এটি তাঁদের জাতিগত পরিচয়, বিশ্বাস ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। ‘ওয়ানা’ শব্দের অর্থ দেবদেবীর দানের দ্রব্যসামগ্রী এবং ‘গালা’ অর্থ উৎসর্গ করা। নতুন ফসল ঘরে তোলার পর শস্যদেবতা মিসি সালজংয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং নতুন ফসল খাওয়ার অনুমতি প্রার্থনার মধ্য দিয়ে এ উৎসব উদ্যাপন করা হয়। এ কারণে ওয়ানগালাকে নবান্ন বা ধন্যবাদের উৎসবও বলা হয়। এটি ‘এক শ ঢোলের উৎসব’ নামেও পরিচিত।
গারোদের বিশ্বাস, শস্যদেবতা মিসি সালজংয়ের আশীর্বাদেই ফসলের ভালো ফলন হয়। তাই নতুন ফসল ঘরে তোলার পর তাঁর প্রতি কৃতজ্ঞতা জানাতে নাচ-গান ও নানা ধর্মীয় আচার পালন করা হয়। একই সঙ্গে পরিবার, সমাজ ও মণ্ডলীর মঙ্গল কামনা করা হয়।
ওয়ানগালা উৎসব কমিটির আহ্বায়ক ও মরিয়মনগর ধর্মপল্লীর পালপুরোহিত ফাদার লরেন্স রিবেরু সিএসসি বলেন, ১৯৮৫ সাল থেকে মরিয়মনগর সাধু জর্জের ধর্মপল্লীর উদ্যোগে এখানে ওয়ানগালা উৎসব উদ্যাপন করা হচ্ছে। গারো সম্প্রদায়ের প্রাচীন ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং বৃহত্তর জনগোষ্ঠীর সঙ্গে পরিচয় করিয়ে দেওয়াই এ আয়োজনের মূল উদ্দেশ্য।