ঢাকা,  রোববার   ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

[ জাতীয় ]

প্রধানমন্ত্রীর বক্তব্যে ভারতের কয়েকটি গণমাধ্যম ভুল ব্যাখ্যা করেছে

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৩:১৫, ২২ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর বক্তব্যে ভারতের কয়েকটি গণমাধ্যম ভুল ব্যাখ্যা করেছে
ছবি: সংগৃহীত।

লালমনিরহাটে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া বক্তব্য ভারতের কয়েকটি গণমাধ্যম ভুলভাবে উপস্থাপন করেছে বলে অভিযোগ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

রোববার (২২ নভেম্বর) গণমাধ্যমকে মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে কোনো দেশের নাম উল্লেখ করেননি। তা সত্ত্বেও ভারতের কয়েকটি গণমাধ্যম বক্তব্যটি ভুলভাবে উপস্থাপন করেছে।

মুখপাত্র বলেন, ‘আওয়ামী ফ্যাসিস্ট সন্ত্রাসীরা’ বিভিন্ন মহাদেশে বেপরোয়াভাবে তৎপরতা চালাচ্ছে। নিরীহ মানুষের ওপর তাদের চালানো গুরুতর সহিংসতার ঘটনা বিশ্ববাসী প্রত্যক্ষ করেছে।

তিনি আরও বলেন, তারা নিজেদের সন্ত্রাসী কর্মকাণ্ড বিশ্বব্যাপী ছড়িয়ে দিচ্ছে এবং বিভিন্ন দেশে গুরুতর নিরাপত্তা সমস্যার সৃষ্টি করছে। তাদের নৃশংস কর্মকাণ্ড বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদেরও নেতিবাচকভাবে উপস্থাপনের মাধ্যমে ক্ষতিগ্রস্ত করছে।

এই বিপদ আরও বিস্তৃত হওয়ার আগেই তা নির্মূলে সব দেশের দায়িত্ব রয়েছে বলেও মন্তব্য করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।

এর আগে গত বৃহস্পতিবার লালমনিরহাটে এক জনসভায় দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ আবারও অগ্নিসংযোগ ও সহিংসতার রাজনীতি শুরু করেছে। এর বিরুদ্ধে ২০২৪ সালের মতো ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, ১৬ বছর জোর করে দেশ শাসনের পর সীমান্ত পেরিয়ে পালিয়ে যাওয়া একটি ‘সন্ত্রাসী গোষ্ঠী’ আবারও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে।

তিনি বলেন, গত কয়েক দিনে ওই গোষ্ঠী যেসব কর্মকাণ্ড চালিয়েছে, তা সবাই দেখেছেন। দেশ ছেড়ে পালিয়েও তারা অগ্নিসংযোগ ও মানুষ হত্যার রাজনীতিতে ফিরে এসেছে। পেছন থেকে হামলা চালিয়ে মানুষ হত্যা করছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!