ঢাকা,  রোববার   ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

[ জাতীয় ]

ঘনঘন রাজনৈতিক বিপর্যয় উন্নয়নের ফাঁদ: ওয়াহিদউদ্দিন মাহমুদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:৫৬, ২২ নভেম্বর ২০২৬
ঘনঘন রাজনৈতিক বিপর্যয় উন্নয়নের ফাঁদ: ওয়াহিদউদ্দিন মাহমুদ
ছবি: সংগৃহীত

স্বাধীনতার ৫৫ বছরেও বাংলাদেশ একটি টেকসই শাসনব্যবস্থা গড়ে তুলতে পারেনি বলে মনে করেন বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ। তিনি বলেন, কিছুদিন পরপর পুরো শাসনব্যবস্থায় ওলটপালট হচ্ছে, চলছে ভাঙাগড়ার খেলা। ঘনঘন রাজনৈতিক বিপর্যয় বাংলাদেশের উন্নয়নের পথে একটি বড় ফাঁদ।

গতকাল শনিবার ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সাবেক অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা। তাঁর মতে, একটি কার্যকর গণতান্ত্রিক শাসনব্যবস্থার ধারাবাহিকতা বজায় থাকলেও বাংলাদেশ বর্তমানের তুলনায় আরও উন্নতি করতে পারবে।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।

বাংলাদেশের স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে ‘ছায়া সংসদ’ শিরোনামে এ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে বিজয়ী হয় প্রাইম এশিয়া ইউনিভার্সিটি দল। প্রতিযোগিতায় অংশ নেয় ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি দলও।

ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, এলডিসি থেকে উত্তরণ একটি জাতীয় ইস্যু। সবাইকে একসঙ্গে এ উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। চ্যালেঞ্জগুলোকে সম্ভাবনায় রূপান্তর করতে হবে। পাশাপাশি প্রতিযোগিতার সক্ষমতা বাড়াতে হবে।

তিনি বলেন, দুর্নীতি ও আমলাতান্ত্রিক প্রতিবন্ধকতা কমিয়ে ব্যবসার জন্য সহজ পরিবেশ তৈরি করতে হবে। প্রতিষ্ঠা করতে হবে অর্থনৈতিক সুশাসন। কিছুদিন পরপর রাজনৈতিক বিপর্যয় ঘটতে থাকলে উদ্যোক্তারা স্বস্তিতে থাকতে পারেন না। এতে অর্থনীতি স্বাভাবিক গতিতে এগোতে পারে না। টেকসই শাসনব্যবস্থা গড়ে তুলতে পারলে এলডিসি উত্তরণের সম্ভাবনা কাজে লাগানো সম্ভব হবে।

তৈরি পোশাক খাতের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টিকে জাতীয় সমস্যা হিসেবে দেখতে হবে। মালিক ও শ্রমিক—দুই পক্ষই সমস্যার মধ্যে রয়েছে। স্বচ্ছতার সঙ্গে আলোচনা করলে এ সংকটের সমাধান সম্ভব।

তিনি আরও বলেন, সব বিষয়ে স্বচ্ছতা থাকলে শ্রমিকরাও নিজেদের স্বার্থে বুঝতে পারবেন, এ শিল্প টিকে না থাকলে তারাও সংকটে পড়বেন।

জাতীয় জীবনে সুস্থ বিতর্কের প্রয়োজনীয়তা তুলে ধরে ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, সমাজে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে বিভাজন ও ঝগড়া-বিবাদ বেড়েছে। এ পরিস্থিতি গ্রহণযোগ্য পর্যায়ে নামিয়ে আনতে হলে বিপক্ষের যুক্তিও শুনতে হবে। সমাজকে যুক্তিবাদী হতে হবে এবং সবার মতামতকে মর্যাদা দিতে হবে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!