ঢাকা,  সোমবার   ২৩ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

ঈশ্বরদীতে অর্ধকোটি টাকার মদ ও মদ তৈরির সরঞ্জাম ধ্বংস

ঈশ্বরদী( পাবনা) প্রতিনিধি
প্রকাশিত: ০৭:৪৮, ২৩ নভেম্বর ২০২৬
ঈশ্বরদীতে  অর্ধকোটি টাকার মদ  ও মদ তৈরির সরঞ্জাম ধ্বংস
ছবি- ডেইলি বাংলাদেশ

পাবনার ঈশ্বরদীতে আবাসিক ভবনের আড়ালে গড়ে তোলা হয়েছিল বিদেশি মদ তৈরির কারখানা। সেখানেই তৈরি হচ্ছিল বিদেশি মদ, যা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরত রাশিয়ান নাগরিকদের কাছে বিক্রি করা হতো বলে জানা গেছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় ১০০ লিটার মদ, মদ তৈরির উপকরণ ও বিভিন্ন সরঞ্জাম জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় ভবন মালিকসহ দুজনকে আটক করা হয়েছে। জব্দ করা মদের আনুমানিক বাজারমূল্য অর্ধকোটি টাকারও বেশি বলে জানা গেছে।

রোববার (২২ নভেম্বর) বিকেলে উপজেলার নতুনহাট গ্রীনসিটি সংলগ্ন ব্র্যাক অফিসের পাশে একটি আবাসিক ভবনের তৃতীয় তলায় এ অভিযান পরিচালনা করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পাবনা 'খ' সার্কেল ঈশ্বরদীর পরিদর্শক আব্দুর রহিমের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

আটক ব্যক্তিরা হলেন, ভবন মালিক সাহাপুর ইউনিয়নের দিয়াড় সাহাপুর এলাকার রাজা আলী মালিথার ছেলে উজ্জল হোসেন মালিথা এবং মদ তৈরির কারখানার মালিক খুলনার যশোর রোডের লোহার এলাকার মৃত আবু জাফরের ছেলে জাবিদ জাফর।

অভিযান শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পাবনা 'খ' সার্কেল ঈশ্বরদীর পরিদর্শক আব্দুর রহিম জানান, দীর্ঘদিন ধরে এই মদ তৈরির কারখানা সম্পর্কে তাদের কাছে তথ্য ছিল। তবে কারখানাটির সুনির্দিষ্ট অবস্থান শনাক্ত করা সম্ভব হচ্ছিল না। সর্বশেষ গোয়েন্দা তৎপরতার মাধ্যমে কারখানাটির অবস্থান নিশ্চিত হওয়ার পর অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদ, মদ তৈরির উপকরণ ও বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। এ সময় জব্দ করা মদ ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।

তিনি আরও জানান, উদ্ধার হওয়া মাদকদ্রব্য ও অন্যান্য আলামত আইনি প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কাজ চলছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

তবে আবাসিক ভবনের আড়ালে গড়ে ওঠা এই কারখানার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না এবং উৎপাদিত মদ কোথায় কোথায় সরবরাহ করা হতো, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।

ডেইলি-বাংলাদেশ/পাবনা
লিংক সফলভাবে কপি হয়েছে!