ঢাকা, রোববার ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩
ভৈরবে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ২৮ নেতাকর্মীর নামে মামলা অজ্ঞাত ১০০ থেকে ১২০ জন;
কিশোরগঞ্জের ভৈরবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে আরও একটি মামলা করেছে পুলিশ। গত ১০ নভেম্বর রাতে ভৈরব থানার প্রধান ফটকের সামনে মহাসড়কে ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা এ মামলায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টুসহ ২৮ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা ১০০ থেকে ১২০ জনকে আসামি করা হয়েছে।
গত ২০ নভেম্বর রাতে ভৈরব থানার উপপরিদর্শক (এসআই) মো. সাখাওয়াত হোসেন বাদী হয়ে মামলাটি করেন। তবে মামলার বিষয়টি প্রকাশ করা হয়নি। আজ ২২ নভেম্বর রোববার সন্ধ্যায় পুলিশ মামলার তথ্য জানায়।
মামলার প্রধান আসামি করা হয়েছে ভৈরব উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টুকে (৫৫)। দ্বিতীয় আসামি করা হয়েছে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভকে (৫০)।
এ ছাড়া আসামিদের তালিকায় রয়েছেন পৌর আওয়ামী লীগের সহসভাপতি মামুন (৫৫), উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খলিলুর রহমান (৫৬), সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল মনসুর (৬৫), যুবলীগ নেতা ইকবাল হোসেন (৫৪), অরুন আল আজাদ (৫২), সাবেক পৌর মেয়র ইফতেখার হোসেন বেনু (৬৮) এবং পৌর আওয়ামী লীগ নেতা মঈন (৪৫)। এ ছাড়া স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ও যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের নামও এজাহারে রয়েছে।
মামলার এজাহারে বলা হয়েছে, আসামিরা গত কয়েক দিন ধরে ভৈরব শহরের বিভিন্ন সড়কে টায়ার জ্বালিয়ে যানবাহন চলাচলে বাধা সৃষ্টি, থানার সামনে ককটেল বিস্ফোরণ, সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শন এবং রাষ্ট্রীয় কার্যক্রমে বাধা দেওয়ার মতো কর্মকাণ্ডে জড়িত। একই সঙ্গে সরকার উৎখাতের ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগও আনা হয়েছে তাঁদের বিরুদ্ধে।
এর আগে একই ধরনের অভিযোগে পুলিশ আরও একটি মামলা করে। ওই মামলায় ১৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৫০ জনকে আসামি করা হয়। সড়কে টায়ার জ্বালিয়ে যানবাহন চলাচলে বাধা সৃষ্টি এবং রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে মামলাটি করা হয়েছিল।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান দুটি মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আসামিদের বিরুদ্ধে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং সাধারণ মানুষের জানমালের ক্ষতিসাধনের অভিযোগ রয়েছে। এসব ঘটনায় পুলিশ বাদী হয়ে দুটি মামলা করেছে।
গত ১০ নভেম্বর রাত আনুমানিক ১০টা ২০ মিনিটে ভৈরব থানার প্রধান ফটকের সামনে মহাসড়কে চলন্ত মোটরসাইকেল থেকে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীর দাবি। এ সময় মোটরসাইকেল আরোহীদের জয় বাংলা স্লোগান দিতেও শোনা যায় বলে জানা গেছে।
তবে ঘটনার পর ভৈরব থানার ওসি মো. মাহবুবুর রহমান জানিয়েছিলেন, থানার সামনে কোনো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেনি। বিকট শব্দটি ট্রাকের চাকা ব্লাস্ট হওয়ার কারণে হয়ে থাকতে পারে।
কিন্তু ঘটনার প্রায় এক ঘণ্টা পর ‘Mohammad Tamim’ নামের একটি ফেসবুক আইডি থেকে ২১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করা হয়। ভিডিওটির ক্যাপশনে লেখা হয়, অবৈধ মামলার প্রতিবাদে ভৈরব থানার সামনে ককটেল উপহার দিলেন Royal Riad ভাই। জয় বাংলা!
পরে ‘Royal Riad’ নামের একটি ফেসবুক আইডি থেকে ভিডিওটি শেয়ার করে লেখা হয়, সকালে মামলা দিলেন, রাইতে ককটেল দিলাম আমি এমনই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এরপর ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যবহৃত তথ্য অনুযায়ী, রয়েল রিয়াদের গ্রামের বাড়ি ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ এলাকায়। তিনি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন এবং বর্তমানে অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন বলে জানা গেছে।
ভিডিওতে থানার সামনে বিস্ফোরণের পর জয় বাংলা ও জয় বঙ্গবন্ধু স্লোগান শোনা যায়। ঘটনার প্রত্যক্ষদর্শী পথচারী দ্বিন ইসলাম ফোনে জানান, তিনি চলন্ত মোটরসাইকেল থেকে থানার প্রধান ফটকের সামনে মহাসড়কে ককটেল নিক্ষেপ করতে দেখেছেন। বিস্ফোরণের বিকট শব্দে আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। শব্দ শুনে থানার ভেতর থেকে কয়েকজন পুলিশ সদস্যকেও সড়কে আসতে দেখেন তিনি।
দ্বিন ইসলাম বলেন, হাসপাতালে রোগী দেখতে যাওয়ার পথে ঘটনাটি দেখে তিনি আতঙ্কিত হয়ে পড়েন।
এদিকে, ককটেল বিস্ফোরণের অভিযোগে দায়ের করা নতুন মামলায় কারা জড়িত, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়ার বিষয়টি এখন পুলিশের হাতে।