ঢাকা, রোববার ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩
ডেঙ্গুতে ভৈরব থানার নারী পুলিশ কনস্টেবলের মৃত্যু
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সাইদা আক্তার নামে ভৈরব থানায় কর্মরত এক নারী পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে। শনিবার (২১ নভেম্বর) রাতে নরসিংদীর বেলাবো উপজেলায় নিজ বাড়িতে তাঁর মৃত্যু হয়। মাত্র এক সপ্তাহ আগে তিনি ভৈরব থানায় যোগদান করেছিলেন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার পর গত ১৯ নভেম্বর (বৃহস্পতিবার) সাইদা আক্তারকে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা নেওয়ার পর ২১ নভেম্বর (শনিবার) হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে তিনি বাড়ির উদ্দেশে রওনা হন। তবে বাড়ি ফেরার পথে আবারও অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাঁকে বেলাবো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে নিজ বাড়িতে নিয়ে যাওয়ার পর শনিবার রাতে তাঁর মৃত্যু হয়।
রোববার (২২ নভেম্বর) বাদ জোহর জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
সাইদা আক্তারের আকস্মিক মৃত্যুতে ভৈরব থানা পুলিশের সদস্যদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে ভৈরব সার্কেলের সহকারী পুলিশ সুপার আবু মুছা শেখ, ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমানসহ পুলিশের সহকর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন।
শোকবার্তায় তাঁরা মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।