ঢাকা,  রোববার   ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

[ বিনোদন ]

মিমির বিয়ের খবরের পর নতুন করে আলোচনায় সাবেক প্রেমিক রাজ

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ০০:২২, ২৩ নভেম্বর ২০২৬
মিমির বিয়ের খবরের পর নতুন করে আলোচনায় সাবেক প্রেমিক রাজ
ছবি: সংগৃহীত

টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীর বিয়ের খবর ছড়িয়ে পড়ার পর আবারও আলোচনায় এসেছে তার ব্যক্তিগত জীবন ও অতীতের প্রেমের অধ্যায়। বিশেষ করে নির্মাতা রাজ চক্রবর্তীর সঙ্গে তার একসময়কার চার বছরের সম্পর্ক নিয়ে নতুন করে কৌতূহল তৈরি হয়েছে ভক্তদের মধ্যে।

বিচ্ছেদের পর সেই সম্পর্ক এবং নিজের বিয়ে নিয়ে একসময় খোলামেলা কথা বলেছিলেন এই অভিনেত্রী। রাজ চক্রবর্তীর সঙ্গে মিমির প্রেম একসময় টালিউডের অন্যতম আলোচিত বিষয় ছিল। প্রায় চার বছরের সেই সম্পর্কের পর ২০১৬ সালে তাদের বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসে। একসময় দুজনের মধ্যে বিয়ে নিয়েও কথা হয়েছিল।

বিচ্ছেদের পর ২০১৬ সালের নভেম্বরে ভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে সম্পর্কটি নিয়ে কথা বলেন মিমি। তিনি জানান, রাজের সঙ্গে তার চার বছরের সম্পর্ক ছিল এবং সেই সম্পর্ককে তিনি সম্মান করেন। তবে সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে প্রকাশ্যে কথা বলতে কখনোই স্বচ্ছন্দ ছিলেন না তিনি।

এক সাক্ষাৎকারে মিমিকে সরাসরি প্রশ্ন করা হয়েছিল, রাজের সঙ্গে কখনো বিয়ে নিয়ে কথা হয়েছিল কি না। কিছুক্ষণ চুপ থাকার পর অভিনেত্রী জানিয়েছিলেন, তাদের মধ্যে বিয়ে নিয়ে কথা হয়েছিল। রাজের সঙ্গে বিচ্ছেদের পর টালিউডে আলোচনায় আসে রাজ চক্রবর্তী ও অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীর সম্পর্ক। এ বিষয়ে প্রশ্ন করা হলে দুজনের মঙ্গল কামনা করেছিলেন মিমি। অতীতের সম্পর্ক নিয়ে তিক্ততা না রেখে নিজের কাজ ও জীবনের দিকে মনোযোগ দেন তিনি।

রাজের সঙ্গে সম্পর্ক ভাঙার পর বিভিন্ন সময়ে সহকর্মী ও বিনোদন অঙ্গনের বাইরের একাধিক ব্যক্তির সঙ্গে মিমির প্রেমের গুঞ্জন ছড়িয়েছে। তবে এসব বিষয়ে প্রকাশ্যে খুব একটা কথা বলেননি তিনি। ২০২০ সালে ভারতীয় সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফকে দেওয়া এক সাক্ষাৎকারে বিয়ে নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছিলেন মিমি। সে সময় তিনি বলেছিলেন, বিয়ে তার কাছে জীবনের অপরিহার্য কোনো বিষয় নয়।

ওই সাক্ষাৎকারে মিমি মন্তব্য করেছিলেন, ‘আমার জীবনে বিয়ে কী যোগ করবে? আমি বিয়ের পরিকল্পনা করছি না।’ এমনকি নতুন করে কোনো সম্পর্কে জড়ানোর মতো মানসিক অবকাশও তখন তার ছিল না বলে জানিয়েছিলেন। জীবনে আর এ ধরনের জটিলতা রাখতে চান না বলেও উল্লেখ করেছিলেন এই অভিনেত্রী।

ডেইলি-বাংলাদেশ/এমএ
লিংক সফলভাবে কপি হয়েছে!