ঢাকা,  শুক্রবার   ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

মায়াবী সড়কের সৌন্দর্যে মুগ্ধ চট্টগ্রামবাসী, উদ্বোধনের আগেই ভাইরাল

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৩:০৪, ২৭ নভেম্বর ২০২৬
মায়াবী সড়কের সৌন্দর্যে মুগ্ধ চট্টগ্রামবাসী, উদ্বোধনের আগেই ভাইরাল
ছবি: সংগৃহীত

সারি সারি দেবদারু গাছ। গাছের গায়ে লাল, নীল, হলুদসহ পাঁচ ধরনের রঙের প্রলেপ। দুই পাশে সোনালি ধানক্ষেত, কোথাও জলাশয়, কোথাও খোলা প্রান্তর। এসবের মাঝ দিয়ে এঁকেবেঁকে চলে গেছে পিচঢালাই সড়ক। প্রকৃতির এমন মনোরম পরিবেশে চট্টগ্রাম নগরীতে তৈরি হয়েছে নতুন এক আকর্ষণ। নাম ফকিরখীল সড়ক।

চট্টগ্রাম সিটি করপোরেশনের ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের এ সড়কটি এখন স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি নগরীর প্রকৃতিপ্রেমী ও বিনোদনপ্রেমীদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে সড়কটির ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ার পর প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীদের ভিড়।

চট্টগ্রাম-হাটহাজারী সড়কের ফতেয়াবাদ কলেজ রোড (শাহজালাল সড়ক) দিয়ে পশ্চিম দিকে কিছু দূর যাওয়ার পর উত্তর দিকে মোড় নিলেই দেখা মেলে প্রায় এক কিলোমিটার দীর্ঘ ফকিরখীল সড়কের।

সম্প্রতি চট্টগ্রাম সিটি করপোরেশনের অর্থায়নে সড়কটি পিচঢালাই করা হয়। এরপর স্থানীয় বাসিন্দারা নিজেদের উদ্যোগে দুই পাশের দেবদারু গাছগুলো লাল, নীল, হলুদসহ পাঁচ ধরনের রঙে সাজিয়ে তোলেন। প্রকৃতির নিজস্ব সৌন্দর্যের সঙ্গে মানুষের এমন উদ্যোগে বদলে যায় পুরো এলাকার দৃশ্যপট।

আনুষ্ঠানিক উদ্বোধনের আগেই সড়কটি ঘিরে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। প্রতিদিন বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন এলাকা থেকে মানুষ এখানে ঘুরতে আসছেন। কেউ হেঁটে বেড়াচ্ছেন, কেউ ছবি তুলছেন, আবার কেউ ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন।

সড়কটি নিয়ে আশাবাদী স্থানীয় সংসদ সদস্য ও ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। তিনি ফকিরখীল সড়ককে মডেল হিসেবে বিবেচনায় নিয়ে দেশের অন্যান্য সড়কের দুই পাশেও পরিকল্পিতভাবে গাছ লাগানোর ওপর গুরুত্ব দিয়েছেন। সম্প্রতি এক অনুষ্ঠানে ডকুমেন্টারির মাধ্যমে নিজের এলাকার উন্নয়নচিত্র তুলে ধরে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

বৃহস্পতিবার বিকেলে সরেজমিনে দেখা যায়, ফকিরখীল সড়কের দুই পাশে সারি সারি রঙিন দেবদারু গাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। পাশের জলাশয়ের স্বচ্ছ পানিতে প্রতিফলিত হচ্ছে গাছগুলোর ছায়া। বিকেল গড়াতেই সেখানে ভিড় করছেন নানা বয়সী মানুষ।

কেউ বন্ধুদের সঙ্গে, কেউ শিশুদের নিয়ে, আবার কেউ পরিবার-পরিজনসহ ঘুরতে এসেছেন। অনেকে সড়কের মাঝখানে দাঁড়িয়ে ছবি তুলছেন। কেউ মুঠোফোনে ধারণ করছেন চারপাশের প্রাকৃতিক দৃশ্য। এর মধ্যেই চলাচল করছে বিভিন্ন ধরনের যানবাহন। স্থানীয় শিশু-কিশোরদের অনেকে সাইকেল চালিয়ে আনন্দে মেতে উঠেছে।

সড়কটি ধরে হাঁটলে মনে হয় ব্যস্ত নগরীর কোলাহল থেকে অনেক দূরের কোনো শান্ত পরিবেশে চলে এসেছেন। অথচ এটি চট্টগ্রাম নগরীরই একটি অংশ। একসময় যে সড়ক ছিল শুধু স্থানীয় মানুষের চলাচলের মাধ্যম, সেটিই এখন হয়ে উঠেছে অবসর কাটানো, প্রকৃতির সান্নিধ্য পাওয়া ও প্রশান্তি খোঁজার নতুন ঠিকানা।

যেভাবে বদলে গেল ফকিরখীল সড়ক

স্থানীয় বাসিন্দারা জানান, ২০১১ সালের দিকে এলাকাবাসীর উদ্যোগে ফকিরখীল সড়কের দুই পাশে পরিকল্পিতভাবে দেবদারু গাছের চারা লাগানো হয়। পরবর্তী সময়ে স্থানীয়রাই গাছগুলোর পরিচর্যা করে বড় করেছেন।

তবে দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ইট বিছানো সড়কটির অবস্থা বেহাল হয়ে পড়ে। প্রায় তিন মাস আগে স্থানীয় বাসিন্দা, ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ও সাবেক কাউন্সিলর প্রার্থী সিরাজুল ইসলাম রাশেদ বিষয়টি চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের নজরে আনেন। পরে মেয়রের নির্দেশে সড়কটি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়।

সিরাজুল ইসলাম রাশেদ বাসসকে বলেন, স্থানীয় বাসিন্দারা গাছগুলোর প্রতি খুব যত্নশীল। তারাই গাছগুলো লাগিয়ে পরিচর্যা করে বড় করেছেন। কিন্তু সড়কটির অবস্থা ভালো ছিল না। মেয়রের কাছে দাবি জানানোর পর তিনি সড়কটি পিচঢালাই করে দিয়েছেন। কাজ শেষ হওয়ার পর স্থানীয় বাসিন্দারা নিজেদের উদ্যোগে গাছগুলো রঙিন করে সাজিয়েছেন। প্রকৃতির সৌন্দর্য ও মানুষের উদ্যোগ মিলেই তৈরি হয়েছে মনোরম পরিবেশ। এতে পুরো এলাকার চেহারা বদলে গেছে।

বিকেলে সড়কটিতে ঘুরতে এসেছিলেন ফতেয়াবাদের বাসিন্দা আমির হামজা। তিনি বলেন, আগে এই জায়গা দিয়ে চলাচল করলেও তখন এমন সুন্দর পরিবেশ ছিল না। সড়কটি পিচঢালাই করার পর পুরো এলাকার চেহারা বদলে গেছে। বিকেল হলেই এখানে অনেক মানুষ আসেন। পরিবার-পরিজন নিয়ে সময় কাটানোর জন্য জায়গাটি বেশ ভালো।

চৌধুরীহাট থেকে ঘুরতে আসা সুমাইয়া ইয়াসমিন বলেন, ফেসবুকে সড়কটির ছবি দেখেই এখানে আসার আগ্রহ তৈরি হয়েছিল। সরাসরি এসে দেখলেন, জায়গাটি সত্যিই সুন্দর। চারপাশে সবুজ, পাশে জলাশয় আর রঙিন গাছগুলো মিলে অন্য রকম অনুভূতি তৈরি করেছে।

নগরীর বহদ্দারহাট থেকে বেড়াতে আসা স্কুলশিক্ষক মো. ওসমান সরওয়ার বলেন, তিনি বিনোদনপ্রেমী মানুষ। প্রায়ই বিভিন্ন স্থানে ঘুরতে যান। ফেসবুকে সড়কটির একটি ভিডিও দেখে এখানে আসার সিদ্ধান্ত নেন। সরেজমিনে এসে জায়গাটিকে অসাধারণ মনে হয়েছে। এটি শুধু রাস্তা নয়, বিনোদনের জায়গা হিসেবেও চমৎকার। তবে দর্শনার্থীদের ভিড়ে কখনো কখনো যানবাহন চলাচলে সমস্যা হচ্ছে। এ বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।

সড়কটির উন্নয়নকাজ করা ঠিকাদারি প্রতিষ্ঠান জোহরা করপোরেশনের স্বত্বাধিকারী আতাউল হক পারভেজ বাসসকে বলেন, সিটি করপোরেশনের প্রকৌশল বিভাগের নির্দেশনা অনুযায়ী প্রাকৃতিক পরিবেশ অক্ষুণ্ন রেখেই সড়কের উন্নয়ন করা হয়েছে। টেকসই নির্মাণ নিশ্চিত করতে তিন ইঞ্চি পিচঢালাই দেওয়া হয়েছে। কাজের গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প শেষ করা হয়েছে।

চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী (জোন-১) মো. জাহিদুর রশিদ ভূঁইয়া বলেন, স্থানীয় মানুষের যাতায়াতের সুবিধা ও এলাকার যোগাযোগব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে সড়কটি পিচঢালাই করা হয়েছে। ২ হাজার ৫৩৮ ফুট বা প্রায় এক কিলোমিটার দীর্ঘ সড়কটির গড় প্রস্থ ১৮ ফুট। কাজটি সম্পন্ন করতে চুক্তিমূল্য ছিল ১ কোটি ২১ লাখ ৪৯ হাজার টাকা। টেকসই ও মানসম্মত সড়ক নির্মাণই ছিল তাদের মূল লক্ষ্য।

চট্টগ্রাম সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আমিন বলেন, নগর উন্নয়ন বলতে শুধু যানবাহন চলাচলের জন্য সড়ক নির্মাণ বোঝায় না। মানুষের জীবনযাত্রার মান, চলাচলের স্বাচ্ছন্দ্য ও বসবাসযোগ্য পরিবেশ তৈরিও নগর ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ অংশ। ফকিরখীল সড়ক তার একটি উদাহরণ। পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে নগরীর অন্যান্য এলাকাকেও মানুষের জন্য আকর্ষণীয় করে তোলা সম্ভব।

চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন বলেন, প্রাকৃতিক সৌন্দর্যের কারণে ফকিরখীল সড়কটি সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। নগরীতে এ ধরনের আরও সড়ক গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এসব সড়কের দুই পাশে সারিবদ্ধভাবে গাছ লাগানো হবে। শুধু বড় সড়ক ও অবকাঠামো নির্মাণ নয়, মানুষের স্বস্তি ও বিনোদনের বিষয়টিও গুরুত্ব দিতে হবে। প্রাকৃতিক পরিবেশ অক্ষুণ্ন রেখে সৌন্দর্য উপভোগের সুযোগ তৈরি করা প্রয়োজন।

স্থানীয় সমাজসেবক আবুল কালাম আজাদ জানান, সড়কটির উন্নয়ন ও গাছগুলো রঙিন করে সাজানোর পর সামাজিক যোগাযোগমাধ্যমে এটি ছড়িয়ে পড়ে। এরপর থেকে বিভিন্ন এলাকা থেকে মানুষ এখানে আসছেন। অনেকে আশপাশে জমি কিনতেও আগ্রহ দেখাচ্ছেন। এতে এলাকার জমির দামও বেড়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!