ঢাকা,  শুক্রবার   ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

[ রাজধানী ]

রাজধানীর আবাসন সংকট কমাতে নতুন শহর গড়বে সরকার

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১২:৫৭, ২৭ নভেম্বর ২০২৬
রাজধানীর আবাসন সংকট কমাতে নতুন শহর গড়বে সরকার
ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকার ক্রমবর্ধমান জনসংখ্যা ও আবাসনের চাপ কমাতে কেরানীগঞ্জে তিন হাজার একর জমিতে সেকেন্ডারি সিটি গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে সরকার। নাগরিক সুবিধাসম্পন্ন পরিকল্পিত জনবসতি গড়ে তুলে রাজধানীর বাইরে বসবাসের বিকল্প সুযোগ তৈরি করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের (জাগৃক) কর্মকর্তারা জানিয়েছেন, কেরানীগঞ্জে প্রস্তাবিত ঢাকা ওয়েস্টার্ন বাইপাসসংলগ্ন এলাকায় এ সেকেন্ডারি সিটি গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। কলাতিয়া ও তারানগরসহ আশপাশের কয়েকটি এলাকায় প্রকল্পের জন্য স্থান চিহ্নিত করা হয়েছে।

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সচিব মনদীপ ঘরাই রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসকে বলেন, প্রস্তাবিত এলাকাটি ঢাকার বসিলা সেতু থেকে প্রায় আড়াই কিলোমিটার পশ্চিমে এবং ঢাকা-আরিচা মহাসড়ক থেকে প্রায় ছয় কিলোমিটার দক্ষিণে অবস্থিত।

তিনি বলেন, নতুন শহরের সঙ্গে রাজধানীর যোগাযোগ ব্যবস্থাকে পরিকল্পনায় বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। ঢাকা ওয়েস্টার্ন বাইপাসের সঙ্গে সামঞ্জস্য রেখে সাভারের আমিনবাজার ও ঢাকার বসিলার দিকে দুটি প্রধান প্রবেশ সড়ক রাখার প্রস্তাব রয়েছে। আবাসন ও যোগাযোগ ব্যবস্থার সমন্বয়ের মাধ্যমে এলাকাটিকে রাজধানীর বিকল্প বসতি হিসেবে গড়ে তোলাই সরকারের লক্ষ্য।

প্রকল্পটি এখনো পরিকল্পনার পর্যায়ে রয়েছে জানিয়ে মনদীপ ঘরাই বলেন, সম্ভাব্যতা যাচাই ও মহাপরিকল্পনার মাধ্যমে প্রকল্পের বিস্তারিত নির্ধারণ করা হবে। মোট আবাসনের সংখ্যা, নির্মাণব্যয় ও বাস্তবায়নের সময়সীমা এখনো চূড়ান্ত হয়নি।

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোসা. ফেরদৌসী বেগম বলেন, রাজধানীর আবাসনের চাপ কমাতে আশপাশে নাগরিক সুবিধাসম্পন্ন পরিকল্পিত জনবসতি গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি নিম্ন আয়ের মানুষ যেন সাশ্রয়ী ভাড়ায় উন্নত পরিবেশে বসবাস করতে পারেন, সে লক্ষ্যেও আবাসন প্রকল্পের পরিকল্পনা রয়েছে।

তিনি আরও বলেন, সেকেন্ডারি সিটির পাশাপাশি নিম্ন আয়ের মানুষের আবাসনের চাহিদা মেটাতে টঙ্গীতে পৃথক উদ্যোগ নেওয়া হচ্ছে। সেখানে ফ্ল্যাট কেনার পরিবর্তে মাসিক ভাড়ায় বসবাসের সুযোগ রাখা হবে। এতে এককালীন বড় অঙ্কের অর্থ ব্যয় ছাড়াই পরিবারগুলো পরিকল্পিত আবাসনে থাকার সুযোগ পাবে।

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের উপবিভাগীয় প্রকৌশলী আব্দুল্লাহ হিল বাকী বাসসকে বলেন, ঢাকার ক্রমবর্ধমান জনসংখ্যার আবাসন চাহিদা বিবেচনায় সরকারের পাঁচ বছর মেয়াদি কৌশলগত পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রেখে কেরানীগঞ্জে সেকেন্ডারি সিটি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। সম্ভাব্যতা সমীক্ষা ও সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, সব শ্রেণির মানুষের জন্য প্রয়োজনীয় নাগরিক সুবিধাসহ নিরাপদ আবাসিক কমিউনিটি গড়ে তোলার প্রকল্প প্রস্তাব তৈরি করা হচ্ছে।

প্রকল্পের সম্ভাব্য স্থান ও আয়তন

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নথি অনুযায়ী, বর্তমান সরকারের অগ্রাধিকারভিত্তিক ১৮০ দিনের কর্মপরিকল্পনার আওতায় কেরানীগঞ্জে সেকেন্ডারি সিটি নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রকল্পের সম্ভাব্য স্থান হিসেবে কেরানীগঞ্জের কলাতিয়া, বটতলি, তারানগর, বেউতা, বাড়িলগাঁও, বরইকান্দি এবং দক্ষিণ ও উত্তর বাহেরচর এলাকা চিহ্নিত করা হয়েছে। চলতি বছরের ১৬ এপ্রিল জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সাইট সিলেকশন কমিটি সরেজমিনে এলাকা পরিদর্শন করে।

পরিদর্শন প্রতিবেদনে বলা হয়েছে, প্রস্তাবিত এলাকার প্রায় ৫ থেকে ৮ শতাংশ জায়গায় বসতবাড়ি রয়েছে। বাকি অংশ মূলত এক ফসলি জমি হিসেবে ব্যবহৃত হচ্ছে। এসব ফসলি জমিতে বিভিন্ন আবাসন কোম্পানির বিলবোর্ডও দেখা গেছে।

প্রকল্পের পশ্চিম ও দক্ষিণ পাশে ঢাকা ওয়েস্টার্ন বাইপাস সড়কের প্রস্তাবিত অবস্থান রয়েছে। এ সড়ক সাভারের আমিনবাজার থেকে ঢাকা-আরিচা মহাসড়ক, ঢাকা-মাওয়া মহাসড়ক ও মোহাম্মদপুরের সঙ্গে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ভূমিকা রাখবে।

প্রস্তাবিত প্রকল্প এলাকার প্রায় আড়াই কিলোমিটার পূর্বে বুড়িগঙ্গা নদী এবং দুই কিলোমিটার পশ্চিমে ধলেশ্বরী নদী প্রবাহিত হয়েছে। ঢাকা ওয়েস্টার্ন বাইপাসের পরিকল্পনার সঙ্গে সমন্বয় রেখে সেকেন্ডারি সিটির জন্য দুটি প্রধান প্রবেশ সড়ক নির্মাণের সুপারিশ করা হয়েছে। সব নাগরিক সুবিধা নিশ্চিত করতে অন্তত তিন হাজার একর জমির প্রকল্প নেওয়া প্রয়োজন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

চলছে ১৫টি আবাসন প্রকল্প

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ জানিয়েছে, স্বল্প ও মধ্যম আয়ের মানুষের জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করতে সংস্থাটির ১৫টি প্রকল্প চলমান রয়েছে। এসব প্রকল্পের আওতায় ৬ হাজার ২১৫টি ফ্ল্যাট নির্মাণ এবং ৫৩১টি প্লট উন্নয়নের কাজ চলছে। এর মধ্যে দুটি প্রকল্প সরকারি অর্থায়নে এবং ১৩টি নিজস্ব অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে। নতুন আরও নয়টি প্রকল্পে বরাদ্দের জন্য প্রসপেক্টাস মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

রাজধানীর ওপর চাপ কমাতে কেরানীগঞ্জের পাশাপাশি ধামরাইয়েও সেকেন্ডারি সিটি গড়ে তোলার পরিকল্পনা রয়েছে সরকারের।

এ ছাড়া দেশের আট বিভাগের ৩৮টি জেলা ও আটটি উপজেলায় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের ৬৬টি হাউজিং এস্টেট রয়েছে। এ পর্যন্ত ৫৩টি প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে ৬ হাজার ২৪টি প্লট উন্নয়ন এবং ৬ হাজার ৫৭৬টি ফ্ল্যাট নির্মাণ করা হয়েছে।

জেলা ও উপজেলা পর্যায়েও পরিকল্পিত আবাসন সম্প্রসারণে গুরুত্ব দিচ্ছে সংস্থাটি। জমির সুষ্ঠু ব্যবস্থাপনা ও ভবিষ্যৎ প্রকল্প গ্রহণের সুবিধার্থে ল্যান্ড ব্যাংক তৈরির লক্ষ্যে জমিসংক্রান্ত তথ্য ও গেজেট সংগ্রহ করা হচ্ছে।

পরিকল্পিত আবাসন গড়ে তুলতে বহুতল ভবনের পাশাপাশি ভূমিকম্প সহনশীল নির্মাণ, উন্নত ড্রেনেজ ব্যবস্থা, জলাধার, সবুজ পার্ক ও উন্মুক্ত স্থান রাখার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। একই সঙ্গে খেলার মাঠ, সবুজ চত্বর, কমিউনিটি স্পেস ও সুপেয় পানির ব্যবস্থা নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে। সূত্র: বাসস

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!