ঢাকা,  শুক্রবার   ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

[ রাজধানী ]

রাজধানীতে আবাসিক হোটেলে ঢুকে ম্যানেজারকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:১৮, ২৭ নভেম্বর ২০২৬
রাজধানীতে আবাসিক হোটেলে ঢুকে ম্যানেজারকে কুপিয়ে হত্যা
ছবি: সংগৃহীত

রাজধানীর ওয়ারীতে একটি আবাসিক হোটেলে ঢুকে ম্যানেজারকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছেন দুই ব্যক্তি। এ ঘটনায় হোটেলের জেনারেল ম্যানেজারসহ আরও দুজন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (২৭ নভেম্বর) ভোর ৪টার দিকে আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক হোটেল ম্যানেজার নাঈমুর রহমানকে (২৬) মৃত ঘোষণা করেন।

এর আগে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে ওয়ারীর জয়কালী মন্দিরের পাশের ওসমানী ইন্টারন্যাশনাল আবাসিক হোটেলে এ হামলার ঘটনা ঘটে।

নিহত নাঈমুর রহমান রাজবাড়ীর গোয়ালন্দ থানার পূর্ব উজানচড় গ্রামের গোলাম মোস্তফার ছেলে। তিনি ওই হোটেলেই থাকতেন।

আহতরা হলেন হোটেলটির জেনারেল ম্যানেজার আব্দুর রাজ্জাক (৫০) ও কর্মী মো. হাসান (২৬)। হামলায় আব্দুর রাজ্জাকের পিঠে গুরুতর জখম এবং হাসানের পেটে ছুরিকাঘাত করা হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে তারা বর্তমানে রাজধানীর শ্যামলীর একটি হাসপাতালে চিকিৎসাধীন।

ওয়ারী থানার এসআই মো. আল-আমিন মিয়া জানান, বৃহস্পতিবার রাত আনুমানিক ২টার দিকে দুই ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে ওসমানী ইন্টারন্যাশনাল আবাসিক হোটেলে প্রবেশ করেন। এরপর তারা হোটেল ম্যানেজার নাঈমুর রহমানকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করেন। তাকে বাঁচাতে এগিয়ে এলে জেনারেল ম্যানেজার আব্দুর রাজ্জাক ও কর্মী হাসানকেও কুপিয়ে আহত করা হয়।

পরে গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক নাঈমুরকে মৃত ঘোষণা করেন।

এসআই আরও জানান, স্থানীয় এক মুরগি ব্যবসায়ী ও তার ছেলে এ ঘটনা ঘটিয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে হামলার কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। ঘটনার তদন্ত চলছে। ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!