ঢাকা,  বৃহস্পতিবার   ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

[ রাজধানী ]

সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ

আদালত প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৩০, ২৬ নভেম্বর ২০২৬
সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ
সংগৃহীত ছবি

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে নয়ন নামে এক আইনজীবী আহত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল ১১টা ১৭ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। বিস্ফোরণের পর আদালতপাড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহত আইনজীবীকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।

ঢাকার সিএমএম আদালতের হাজতখানার ইনচার্জ এসআই মোরশেদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আইনজীবী ও সাধারণ লোকজন রাজীব বোস নামে একজনকে সন্দেহভাজন হিসেবে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন। পরে তাকে হেফাজতে নিয়ে কোতোয়ালি থানা পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে।

ককটেল বিস্ফোরণের পর ঢাকা আইনজীবী সমিতির নেতারা ঘটনাস্থলে উপস্থিত হন। সমিতির অফিস সেক্রেটারি মো. আবজাল হোসাইন মৃধা বলেন, ‘স্বৈরাচারী হাসিনার দোসররা কোর্ট অঙ্গনে নৈরাজ্য সৃষ্টি করতে এ ঘটনা ঘটিয়েছে। আমরা শক্ত হাতে এদের প্রতিহত করতে সদা প্রস্তুত।’

এর আগে গত ৯ নভেম্বর সন্ধ্যা ৫টা ২০ মিনিটের দিকে ঢাকার সিএমএম আদালতের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই ঘটনায় দুজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন স্থানীয় লোকজন।

পরদিন সূত্রাপুর থানার এসআই মিজানুর রহমান বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক আইনে মামলা করেন। পরে ওই মামলায় আরও কয়েকজনকে গ্রেপ্তার করা হয়।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!