ঢাকা, বৃহস্পতিবার ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩
শ্রীপুরে শ্রমিকদের সড়ক অবরোধের চেষ্টা
গাজীপুরের শ্রীপুরে শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের নয়নপুর বাজার এলাকায় সড়ক অবরোধের চেষ্টা করেছেন শ্রমিকেরা।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা ১১টার দিকে শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করলে উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে জেলা পুলিশ, শিল্প পুলিশ, থানা ও হাইওয়ে পুলিশের একাধিক দল ঘটনাস্থলে পৌঁছে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। পরে পুলিশের ধাওয়ায় শ্রমিকেরা মহাসড়ক ছেড়ে চলে যান। দুপুর ১২টার পর যান চলাচল স্বাভাবিক হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে শ্রীপুর উপজেলার মাওনা উত্তরপাড়া এলাকায় অবস্থিত ডেকু কারখানা কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করে। পরে কারখানা থেকে বের হওয়ার পথে কয়েকজন শ্রমিকের ওপর হামলার অভিযোগ ওঠে। এ ঘটনাকে কেন্দ্র করে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে কয়েকটি কারখানার ফটকের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন তাঁরা। পরে বিক্ষোভকারীদের একটি অংশ নয়নপুর বাজার এলাকায় মহাসড়কে অবস্থান নেন। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়।
ডেকু কারখানার শ্রমিক পরিচয় দেওয়া তৌফিক মিয়া বলেন, ‘আজকে আমাদের কারখানা ছুটি ঘোষণা করা হয়। কারখানা থেকে বের হওয়ার পথে কয়েকজন লোক এসে আমাদের ওপর আঘাত করে। শুধু আমাকে নয়, আমার মতো অনেক নারী-পুরুষকে আঘাত করা হয়েছে। আমরা সাধারণ শ্রমিক, মালিকের কাজ করি। আমাদের ওপর হামলা করা হলো কেন? এর প্রতিবাদে আমরা নয়নপুর বাজার এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করি।’
তবে তৌফিক মিয়া ডেকু কারখানার প্রকৃত শ্রমিক কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তাঁর অভিযোগের বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্যও পাওয়া যায়নি।
খবর পেয়ে বেলা সাড়ে ১১টার দিকে জেলা পুলিশ, শিল্প পুলিশ, শ্রীপুর থানা ও হাইওয়ে পুলিশের একাধিক দল ঘটনাস্থলে পৌঁছায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। পরে পুলিশের ধাওয়ায় বিক্ষোভকারীরা মহাসড়ক ছেড়ে চলে যান।
শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদ নিয়াজ শিশির বলেন, বেলা ১১টার দিকে শ্রমিকেরা সড়কে অবস্থান নেন। খবর পেয়ে জেলা পুলিশ, শিল্প পুলিশ, থানা ও হাইওয়ে পুলিশসহ এসআরবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আজকের পাশাপাশি গতকালও বেশ কয়েকটি কারখানা ছুটি ঘোষণা করেছে। দুপুর ১২টা থেকে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, মালিকপক্ষ শ্রমিকদের দাবি মেনে নেওয়ার পরও আন্দোলন অব্যাহত থাকলে এর পেছনের কারণ খতিয়ে দেখা প্রয়োজন। আন্দোলনে অংশগ্রহণকারীদের পরিচয়, তাঁদের প্রকৃত দাবিদাওয়া এবং সাম্প্রতিক শ্রমিক অসন্তোষের কারণও যাচাই করা জরুরি। তবে এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।