ঢাকা,  বৃহস্পতিবার   ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

[ আইন-আদালত ]
যুক্তিতর্কে অ্যাটর্নি জেনারেল

মানুষের জীবন-মৃত্যু নিয়ে খেলা করেছিলেন জিয়াউল আহসান

আদালত প্রতিনিধি
প্রকাশিত: ১২:৩৩, ২৬ নভেম্বর ২০২৬
মানুষের জীবন-মৃত্যু নিয়ে খেলা করেছিলেন জিয়াউল আহসান
ছবি: সংগৃহীত

দেশের মানুষের জীবন-মৃত্যুকে খেলার মতো করে দেখতেন মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। রাষ্ট্রের দেওয়া ক্ষমতা ও অস্ত্র ব্যবহার করে নিজ দেশের মানুষকে হত্যার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

শতাধিক গুম-খুনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রসিকিউশনের যুক্তিতর্কের সমাপনী বক্তব্যে এসব কথা বলেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা সোয়া ১১টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ তৃতীয় দিনের মতো যুক্তিতর্ক শুরু হয়। চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেলে এ শুনানি অনুষ্ঠিত হচ্ছে। প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

গুম-খুনের ঘটনাগুলো তুলে ধরে অ্যাটর্নি জেনারেল বলেন, আওয়ামী লীগ সরকারের শাসনামলে এসব ঘটনা শুধু রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ওপর আঘাত হানেনি, আঘাত করেছে মানুষের জীবনের ওপর। এসব ঘটনায় মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল।

তিনি বলেন, রাষ্ট্রের দেওয়া ক্ষমতা, অস্ত্র ও বাহিনীর সদস্যদের নিজ দেশের মানুষকে হত্যার কাজে ব্যবহার করেছেন জিয়াউল আহসান। তাই এই বিচার শুধু বাংলাদেশের নয়, সমগ্র মানবতার পক্ষে জবাবদিহি নিশ্চিত করার দাবি।

অ্যাটর্নি জেনারেল আরও বলেন, এই বিচার নিহত ব্যক্তিদের ফিরিয়ে আনতে পারবে না। গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যদের দীর্ঘদিনের বেদনাও দূর করতে পারবে না। তারপরও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য এই বিচার প্রয়োজন।

রুহুল কুদ্দুস কাজল বলেন, মানুষের জীবন-মৃত্যুকে জিয়াউল আহসান এমনভাবে নিয়েছেন, যেন তা খেলার বিষয়। অথচ রাষ্ট্রের অস্ত্র জনগণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য, কারও জীবন কেড়ে নেওয়ার জন্য নয়। ন্যায়বিচারের মধ্য দিয়ে জিয়াউল আহসানের মতো অপরাধীদের জন্য একটি শক্ত বার্তা দেওয়া সম্ভব হবে।

ট্রাইব্যুনালে উপস্থিত রয়েছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম, প্রসিকিউটর মিজানুল ইসলাম, গাজী এমএইচ তামিম, শাইখ মাহদী ও তাসমিরুল ইসলামসহ অন্যরা। এ ছাড়া ভুক্তভোগী পরিবারের সদস্যরাও উপস্থিত রয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!