ঢাকা, বৃহস্পতিবার ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩
পোল্ট্রি শিল্প দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখছে: প্রধানমন্ত্রী
দেশে বর্তমানে বাণিজ্যিক ও প্রান্তিক পর্যায়ে দুই লাখের বেশি পোল্ট্রি খামার রয়েছে। এসব খামারে প্রতিদিন প্রায় ৬ কোটি ৮৮ লাখ ডিম উৎপাদিত হচ্ছে, যা আশাব্যঞ্জক। পোল্ট্রি শিল্প দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলার মাঠে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, পোল্ট্রি খাতে ইতোমধ্যে বিপুলসংখ্যক উদ্যোক্তা তৈরি হয়েছেন। এ খাতের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ৬০ লাখ মানুষ জড়িত, যাদের ৪০ শতাংশ নারী। বর্তমানে এ খাতে বেসরকারি বিনিয়োগের পরিমাণ প্রায় ৫০ হাজার কোটি টাকা।
তিনি বলেন, দেশে প্রায় ১৫ লাখ প্রান্তিক খামারি জীবিকা নির্বাহের জন্য পশুপালন করেন। দেশজুড়ে ছড়িয়ে থাকা এসব খামার খাদ্যনিরাপত্তা, কর্মসংস্থান ও রপ্তানিতে অবদান রাখছে। তাই খামারিদের দোরগোড়ায় গবাদিপশুর রোগ প্রতিরোধ ও চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব।
প্রাণিসম্পদ খাতের উন্নয়নের অন্যতম বাধা রোগবালাই উল্লেখ করে তারেক রহমান বলেন, প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠান থেকে পশু চিকিৎসায় ইতোমধ্যে ১৭টি রোগের টিকা উৎপাদিত হচ্ছে। তবে তা পর্যাপ্ত নয়। এ কারণে সরকার আধুনিক ভ্যাকসিন উৎপাদন প্ল্যান্ট তৈরির উদ্যোগ নিয়েছে।
তিনি বলেন, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ গ্রামীণ অর্থনীতির প্রাণ। মানুষের পুষ্টির চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন ও গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে এ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দেশের পুষ্টির চাহিদা নিজস্ব উৎপাদনের মাধ্যমে পূরণ করে সেই উৎপাদনকে শিল্পে রূপান্তর করা গেলে স্বনির্ভর ও সমৃদ্ধ অর্থনীতি গড়ে তোলা সম্ভব।
প্রধানমন্ত্রী আরও বলেন, দেশের মানুষের প্রাণিজ আমিষের ৫৬ শতাংশ দুধ, মাংস ও ডিম থেকে আসে। প্রাণিজ আমিষের উৎপাদন শুধু খাদ্যনিরাপত্তার বিষয় নয়, এর সঙ্গে অর্থনৈতিক স্বাবলম্বিতাও জড়িত। পুষ্টিগতভাবে শক্তিশালী প্রজন্মের শেখার সক্ষমতা, কর্মদক্ষতা ও উদ্ভাবনী শক্তিও বেশি বিকশিত হয়। তাই মেধাবী জাতি গঠনের সঙ্গে পুষ্টির নিরাপত্তা গভীরভাবে সম্পর্কিত।
প্রাণিসম্পদ খাতের অবদানের তথ্য তুলে ধরে তিনি বলেন, চলতি অর্থবছরে স্থির মূল্যে জিডিপিতে এ খাতের অবদান ১ দশমিক ৮১ শতাংশ এবং প্রবৃদ্ধির হার ৩ দশমিক ৩০ শতাংশ। অন্যদিকে, কৃষিজ জিডিপিতে প্রাণিসম্পদ খাতের অবদান ১৬ দশমিক ৫৬ শতাংশ।
তারেক রহমান বলেন, দেশের প্রাণিসম্পদ খাত অভ্যন্তরীণ আমিষের চাহিদা পূরণের পাশাপাশি ধীরে ধীরে রপ্তানিমুখী হয়ে উঠছে। ২০২৬ সালের মার্চ থেকে আগস্ট পর্যন্ত ছয় মাসে এ খাত থেকে ১০৪ দশমিক ৬৪ লাখ মার্কিন ডলার রপ্তানি আয় হয়েছে। এ খাতের বিকাশে সরকার নীতিগত ও অর্থনৈতিক সহায়তা অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।
আধুনিক প্রযুক্তি, উন্নত জাতের পশু-পাখি পালন, রোগ নিয়ন্ত্রণ, মানসম্মত খাদ্য ও সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে উৎপাদনশীলতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, আধুনিক খামার ব্যবস্থাপনা, টিকা উৎপাদন, খামারিদের প্রশিক্ষণ, গবেষণা ও উৎপাদন বৃদ্ধির উদ্যোগ বাস্তবায়ন করা গেলে প্রাণিসম্পদ খাতে স্বনির্ভরতার পাশাপাশি বৈদেশিক মুদ্রা অর্জনও বাড়বে।
রপ্তানি সম্ভাবনার কথা তুলে ধরে তিনি বলেন, স্বল্পমেয়াদে চামড়াজাত পণ্য, পশুজাত উপজাত ও অনুমোদিত প্রক্রিয়াজাত পণ্য রপ্তানি বাড়ানোর সুযোগ রয়েছে। বাংলাদেশ প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে ‘হ্যাচিং এগ’ বা বাচ্চা উৎপাদনক্ষম উর্বর ডিম রপ্তানি করতেও সক্ষম হয়েছে। এ ধরনের নতুন পণ্যের মাধ্যমে রপ্তানি বাজার সম্প্রসারণ এবং বিদেশে প্রাণিজ পণ্যের নতুন বাজার খুঁজে বের করতে হবে।
দীর্ঘমেয়াদে আন্তর্জাতিক মানসম্পন্ন হালাল মাংস, দুগ্ধজাত পণ্য ও পোল্ট্রি পণ্যের রপ্তানি বাজার সম্প্রসারণের সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি। এ লক্ষ্যে আধুনিক প্রযুক্তির ব্যবহার, উন্নত জাতের পশু পালন, কৃত্রিম প্রজনন, টিকাদান, রোগ প্রতিরোধ, উন্নত খাদ্য ব্যবস্থাপনা ও খামারের বর্জ্য ব্যবস্থাপনায় গুরুত্ব দিচ্ছে সরকার।
মহিষ পালনের সম্ভাবনা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, দেশের উপকূলীয় অঞ্চল এবং সিলেট ও সুনামগঞ্জের হাওর এলাকায় মহিষের প্রাপ্যতা ও উৎপাদন বেশি। উপকূলীয় অঞ্চলে জেগে ওঠা নতুন চর ও সরকারি খাসজমি সমবায় বন্দোবস্তের মাধ্যমে খামারিদের ব্যবহারের জন্য বরাদ্দ দেওয়ার সুযোগ রয়েছে। এ বিষয়ে ভূমি মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের সঙ্গে সমন্বয় করে উদ্যোগ নিতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়কে আহ্বান জানান তিনি।
পোষা প্রাণী ও খাঁচায় পাখি পালনের প্রসঙ্গ তুলে তারেক রহমান বলেন, বিশেষ করে শহরাঞ্চলে আর্থিকভাবে সচ্ছল মানুষের মধ্যে পোষা প্রাণী ও পাখি পালনের প্রবণতা বেড়েছে। এটি অনেকের মানসিক প্রশান্তির পাশাপাশি আয়ের উৎসও হয়ে উঠেছে। তবে মানুষের পাশাপাশি পশুপাখির অধিকার নিশ্চিত করাও জরুরি।
প্রাণীর অধিকার সম্পর্কে তিনি বলেন, প্রাণীকে ক্ষুধা ও তৃষ্ণা, অস্বস্তি, ব্যথা, আঘাত ও রোগ থেকে মুক্ত রাখতে হবে। পাশাপাশি স্বাভাবিক আচরণ প্রকাশের সুযোগ দিতে হবে এবং ভয় ও মানসিক যন্ত্রণা থেকে সুরক্ষা নিশ্চিত করতে হবে। পশুপাখির অধিকার সম্পর্কে সচেতন হওয়াকে তিনি সবার মানবিক দায়িত্ব বলে উল্লেখ করেন।
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালনের উদ্দেশ্য তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, এ আয়োজনের মাধ্যমে প্রাণিসম্পদ খাতের সমস্যা, সম্ভাবনা ও সাফল্য জনগণের সামনে তুলে ধরা হয়। খামারিরাই এ খাতের মূল চালিকাশক্তি। তাদের প্রশিক্ষণ, সহজ শর্তে ঋণ, উন্নত প্রযুক্তি, ন্যায্যমূল্য ও প্রয়োজনীয় সরকারি সহায়তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।
জাতীয় প্রাণিসম্পদ পদকপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, এ স্বীকৃতি প্রাণিসম্পদ খাতে তাদের অবদানের স্বীকৃতি এবং লাখো উদ্যোক্তা, গবেষক ও সংশ্লিষ্ট ব্যক্তির জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। খামারি, উদ্যোক্তা ও গবেষকদের মেধা ও শ্রম কাজে লাগিয়ে বাংলাদেশ বৈশ্বিক প্রাণিসম্পদ বাজারে নির্ভরযোগ্য ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
প্রধানমন্ত্রী আরও বলেন, দেশের প্রাণী ও প্রাণিজাত পণ্য বিশ্ববাজারে প্রবেশ করাতে খাদ্যনিরাপত্তা এবং আন্তর্জাতিক কোয়ারেন্টাইন মান কঠোরভাবে নিশ্চিত করতে হবে। এ লক্ষ্যে সরকার আন্তর্জাতিক মানের আধুনিক প্রাণিজাত পণ্য প্রক্রিয়াকরণ কেন্দ্র ও রোগমুক্ত অঞ্চল গড়ে তুলছে। অচিরেই প্রাণিসম্পদ খাত বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম প্রধান শক্তি হয়ে উঠবে বলেও আশা প্রকাশ করেন তিনি।